নিউজ ফোর ডেস্কঃ আমেরিকার ফ্লোরিডায় জেট বিমান ভেঙে পড়ে ৯ জনের মৃত্যুর রেশ কেটে ওঠার আগেই আবার ও মিসৌরির লেক অফ দ্য ওজার্ক-এ একটি ছোট বিমান ভেঙে পড়ে মৃত্যু হল ২ জনের।
সূত্রের খবর,মঙ্গলবার দুপুর ২:১৫ মিনিট নাগাদ বিমানটি লি সি ফাইন স্মারক বিমানবন্দর থেকে উড়ছিল। তবে কিছুক্ষণ ওড়ার পরেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মিসৌরির লেক অফ দ্য ওজার্ক-এ ভেঙে পড়ে।পড়ার সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এমতাবস্থায়, দুর্ঘটনার খবর পেয়ে সেই স্থানে উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দেয়।
বিমানটি ছিল 'সিরাস এসআর ২২' মডেলের জানিয়েছে আমেরিকার ফেডারেল বিমান চলাচল প্রশাসন। এই বিমানে ছিলেন দুইজন যাত্রী যথাক্রমে একজন মহিলা বয়স ৫১ বছর এবং অপরজন পুরুষ বয়স ৫২ বছর। দুইজনেই ছিলেন কেনটাকির সিম্পসনভিলের বাসিন্দা।
তবে কি কারনে এই দুর্ঘটনা ঘটল কিংবা কোন যান্ত্রিক ত্রুটি বা অন্য কোন দুর্ঘটনা ঘটেছিল কিনা তা জানার নিরিখে তদন্ত শুরু করেছে পুলিশ।