Tuesday, November 17, 2026
জাতীয়

ব্রেকহীন অবস্থায় ৪৬৩ কিলোমিটার ছুটল ভারতীয় রেলের অন্যতম গর্ব 'বন্দে ভারত'

Published by স্মৃতি মণ্ডল - November 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ব্রেকহীন অবস্থায় ছুটল 'বন্দে ভারত'

নিউজ ফোর ডেস্কঃ ব্রেক ঠিকমতো কাজ না করার পরও থামানো হল না ভারতীয় রেলের অন্যতম গর্ব 'বন্দে ভারত', ছুটলো প্রায় ৪৬৩ কিলোমিটার ঝাড়খন্ড থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত। এই ঘটনাকে কেন্দ্র করে গত ২৪শে অক্টোবর রেলমহলে ছড়ায় চাঞ্চল্য। তবে রেলকর্মীদের একাংশের বক্তব্য যাত্রীবাহী ট্রেনে এই ধরনের ঘটনা ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় দক্ষিণ-পূর্ব রেল তদন্তের নির্দেশ দিয়েছে।

রেল সূত্রে খবর, ঝাড়খণ্ডের হাতিয়া থেকে উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি খালি 'বন্দে ভারত' ট্রেনকে পৌঁছানোর কথা ছিল। আর সেই উদ্দেশ্যে একটি মালগাড়ির ইঞ্জিনকে বন্দে ভারত ট্রেনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। কিন্তু সেদিন ট্রেন ছাড়ার আগে সংযোগের কাজ ও প্রয়োজনীয় পরীক্ষা করা হয়নি। পরে লোকো পাইলট হাতিয়া-রাঁচি অংশে ট্রেনের ব্রেক পরীক্ষা করেন, তখন দেখা যায় ব্রেকের অধিকাংশ অংশ ঠিক ভাবে কাজও করছে না।

পরে লোকো পাইলট রাঁচি স্টেশনে পৌঁছে লিখিতভাবে এই বিষয়টি জানান।কিন্তু সতর্কতা বার্তা পাওয়ার পরও সংযোগের কাজ পরীক্ষা না করেই ট্রেনকে ওই অবস্থাতেই চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় বলে অভিযোগ। পরে মুরি স্টেশন থেকে দায়িত্বপ্রাপ্ত লোকো পাইলটও একই কথা জানান। শেষ পর্যায়ে, অন্য লোকো পাইলট উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার দীনদয়াল উপাধ্যায় ফের একই কথা জানানোর পর কর্তৃপক্ষ পরীক্ষা করে জানতে পারে বন্দে ভারতের সব কামরার ব্রেক বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল, ট্রেনটি এতটা পথ অতিক্রম করেছে শুধুমাত্র ইঞ্জিনের ব্রেকের ভরসায়।

ট্রেন ছাড়ার আগে ব্রেক পরীক্ষা হয়েছিল কিনা এখন তা নিয়ে প্রশ্ন উঠে আসছে। এর পাশাপাশি লোকো পাইলটের লিখিত অভিযোগ পাওয়ার পরও কিভাবে ট্রেন চালানোর অনুমতি দেওয়া হল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেলমহলে কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার।

— বিজ্ঞাপন —
Advertisement