নিউজ ফোর ডেস্ক: শুক্রবার দুপুরে অমৃতসর থেকে জলপাইগুড়িগামী ট্রেনে আগুন লেগে ছড়াল চাঞ্চল্য। আগুন লাগার সঙ্গে সঙ্গে চারিদিক ঘন কালো ধোঁয়ায় ছড়িয়ে যায়।
রেল সূত্রে খবর, ১২৫০৮ নম্বরের কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি অমৃতসর থেকে জলপাইগুড়ি রওনা দেওয়ার সময় হঠাৎ করে শুক্রবার দুপুর ১২ টা ৫৮ মিনিটে ফতেহগড় সাহিব জেলার সাধুগড় স্টেশন ছাড়ার কিছুটা পরেই আগুন নজরে আসে। আর সেই আগুন ছড়িয়ে পড়ে রাজপুরার কাছে সরাই বাঞ্জারা স্টেশনের কাছে পৌঁছানোর আগেই।
জানা যাচ্ছে,ইঞ্জিনের দিক থেকে ৫ নম্বর কামরা থেকে আগুন লাগতে শুরু করে পরে সেটা ছড়িয়ে গিয়ে ৪টে কামরা হয়ে যায়। ট্রেন পরিচালক পরিস্থিতি বুঝে ট্রেন থামিয়ে দেন এবং যাত্রীরা ভয়ে সেখান থেকে নামতে শুরু করে। খবর পেয়ে সেখানে পৌঁছয় একাধিক দমকল। আম্বালা ডিভিশনের ডিআরএম বিনোদ কুমার ভাটিয়া এ বিষয়টি খতিয়ে দেখেন। যাত্রীদের মেডিক্যালে পাঠানো হয়।
কিভাবে, কেন আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। নাকি শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে খতিয়ে দেখছে তদন্তকারীরা। তবে রেল নির্দেশ দিয়েছে উচ্চ পর্যায়ের তদন্তের জন্য।