দেবিকা দত্ত: শিলিগুড়ি: আন্তর্জাতিক মঞ্চে সাফল্য এনে উত্তরবঙ্গে ফিরলেন তিন খেলোয়াড়। মালয়েশিয়ায় আয়োজিত এশিয়া প্যাসিফিক ডেফ মাল্টি স্পোর্টস চ্যাম্পিয়নশিপে পদক জয় করে দেশে ফিরেছেন শ্রুতি দাস, প্রিয়ম চক্রবর্তী এবং রাজর্ষি প্রতীম দত্ত। তাঁদের সাফল্যে খুশি ক্রীড়ামহল। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতেই তিন পদকজয়ীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে সংবর্ধনা দিল শিলিগুড়ি প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাব সোসাইটি।
সংগঠনের সদস্যরা বিমানবন্দরে উপস্থিত থেকে খেলোয়াড়দের স্বাগত জানান। আন্তর্জাতিক প্রতিযোগিতায় তাঁদের এই সাফল্যকে বিশেষ কৃতিত্ব হিসেবে তুলে ধরেন সংগঠনের কর্মকর্তারা। শ্রবণপ্রতিবন্ধকতাকে অতিক্রম করে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিন খেলোয়াড়। তাঁদের এই সাফল্য আগামী দিনে অন্য খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের সভাপতি অমিত সরকার জানান, মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া প্যাসিফিক ডেফ মাল্টি স্পোর্টস চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন তিন খেলোয়াড়। শ্রুতি দাস জয় করেছেন সোনার পদক। অন্যদিকে, প্রিয়ম চক্রবর্তী একটি ব্রোঞ্জ ও একটি রুপোর পদক পেয়েছেন। রাজর্ষি প্রতীম দত্তের ঝুলিতেও এসেছে একটি ব্রোঞ্জ ও একটি রুপোর পদক।
তিন খেলোয়াড়ের এই সাফল্যে তাঁদের পরিবার-পরিজন থেকে শুরু করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয়ের মাধ্যমে তাঁরা নিজেদের দক্ষতার পাশাপাশি দেশের মুখও উজ্জ্বল করেছেন।
শিলিগুড়ি প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাব সোসাইটির পক্ষ থেকে পদকজয়ীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাঁদের আগামী দিনের ক্রীড়াজীবনের সাফল্য কামনা করা হয়। প্রতিকূলতাকে সঙ্গী করেও কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং অধ্যবসায়ের মাধ্যমে যে সাফল্যের শিখরে পৌঁছনো সম্ভব, তিন খেলোয়াড়ের এই অর্জন তারই দৃষ্টান্ত।
মালয়েশিয়ার মঞ্চে তাঁদের এই সাফল্য আগামী দিনে আরও বড় প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে আত্মবিশ্বাস জোগাবে বলেই আশা ক্রীড়ামহলের।