মহম্মদ শাহজাহান আনসারী: বাঁকুড়া: ক্রীড়াপ্রেমীদের বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাঁকুড়ার হেলনা শুশুনিয়ায় শুরু হলো দুই দিবসীয় মেগা ফুটবল টুর্নামেন্ট। স্থানীয় মনসা মাতা ক্লাবের পরিচালনায় আয়োজিত এই জমকালো ফুটবল ধামাকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া বিধানসভার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ফুটবল কিক-অফ করে টুর্নামেন্টের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
উদ্বোধন করতে এসে বিধায়ক নীলাদ্রি শেখর দানা মনসা মাতা ক্লাবের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গ্রামীণ এলাকায় ফুটবল সংস্কৃতির বিকাশ ঘটাতে এবং তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে এই ধরণের টুর্নামেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুই দিনব্যাপী এই মেগা ফুটবল আসরে বিভিন্ন প্রান্তের নামী দল অংশ নিয়েছে। চ্যাম্পিয়ন ও রানার্স দলের আকর্ষণীয় পুরস্কারকে ঘিরে ইতিমধ্যেই ফুটবলপ্রেমী দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।