পিউ নন্দী ,পুরুলিয়া: প্রতিভা, একাগ্রতা আর কৌশলের মেলবন্ধনে জাতীয় স্তরে সাফল্যের নজির গড়ল পুরুলিয়ার এক খুদে দাবাড়ু। অল ইন্ডিয়া ডি এ ভি স্কুলস ন্যাশনাল চেস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ অনূর্ধ্ব ১৪ বছর বালক বিভাগে প্রথম স্থান অধিকার করে সোনার পদক জয় করল সাঁওতালডি ডি এ ভি স্কুলের ছাত্র দীপ্র মণ্ডল। তার এই অসামান্য সাফল্যে গর্বিত পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশন সহ জেলার ক্রীড়াপ্রেমী মহল।
নয়ডার ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এই জাতীয় দাবা প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে নেমেছিল দীপ্র। দাবার বোর্ডে নিজের দক্ষতা ও কৌশলের পরিচয় দিয়ে অনূর্ধ্ব ১৪ বছর বালক বিভাগে সেরার শিরোপা ছিনিয়ে নেয় সে। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের পাশাপাশি সোনার পদক জয় তার ক্রীড়াজীবনে এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
দীপ্র মণ্ডল পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের একজন নিয়মিত দাবাড়ু। ছোটবেলা থেকেই দাবার প্রতি আগ্রহ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণের অভিজ্ঞতা তাকে এই সাফল্যের পথে এগিয়ে নিয়ে গিয়েছে। জাতীয় স্তরের মঞ্চে তার এই জয় প্রমাণ করল, সঠিক প্রশিক্ষণ, নিয়মিত অনুশীলন এবং অধ্যবসায় থাকলে জেলার প্রতিভারাও দেশের দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।
দীপ্রর এই সাফল্যে পুরুলিয়া চেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে আগামী দিনের প্রতিযোগিতাগুলিতে আরও ভালো ফল করার জন্য তার প্রতি শুভকামনা জানিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।
জাতীয় দাবা প্রতিযোগিতায় দীপ্রর এই সোনার জয় শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, সাঁওতালডি তথা সমগ্র পুরুলিয়া জেলার কাছেও গর্বের মুহূর্ত।