Wednesday, November 18, 2026
উত্তরবঙ্গ

বাবার কাঁধে সীমান্ত রক্ষার দায়িত্ব, মেয়ের মাথায় জাতীয় সেরার মুকুট!

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- November 17, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
'মিস ইউনিভার্সাল ইন্ডিয়া ২০২৬’ জয়ী শিলিগুড়ির নিহারিকা

Success Story: বাবা দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত। আর মেয়ে জাতীয় মঞ্চে সাফল্যের মুকুট জিতে গর্বিত করলেন গোটা উত্তরবঙ্গকে। শিলিগুড়ির বৈকুণ্ঠপুর পল্লীর নিহারিকা বর্মনের সাফল্যে খুশির আবহ পরিবার থেকে শুরু করে পরিচিত মহলে। হরিয়ানার গুরুগ্রামে অনুষ্ঠিত দ্বিতীয় সংস্করণের ‘মিস ইউনিভার্সাল ইন্ডিয়া ২০২৬’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তিনি।

গত ৩১ অক্টোবর গুরুগ্রামে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ২১ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। তাঁদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেই শেষ পর্যন্ত বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন নিহারিকা। তাঁর এই সাফল্যে রাজবংশী সমাজের পাশাপাশি গর্বিত উত্তরবঙ্গের মানুষও।

তবে এই জয় এক দিনের পরিশ্রমের ফল নয়। ছোটবেলা থেকেই মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল নিহারিকার। স্কুলে পড়ার সময় থেকেই বিভিন্ন মঞ্চে অংশ নেওয়ার স্বপ্ন দেখতেন তিনি। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন শিলিগুড়ির দাগাপুরে স্কুলের উদ্যোগে আয়োজিত ‘বেঙ্গল নেক্সট টপ মডেল’ শোতে প্রথম অংশগ্রহণ করেন। সেখান থেকেই শুরু হয় তাঁর মডেলিংয়ের পথচলা।

ধীরে ধীরে সেই আগ্রহই পরিণত হয় লক্ষ্যে। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলা। অবশেষে জাতীয় স্তরের প্রতিযোগিতায় সেরার শিরোপা অর্জন করে নিজের স্বপ্নপূরণ করলেন নিহারিকা।

এক দিকে বাবা যখন দেশের সুরক্ষায় সীমান্তে দায়িত্ব পালন করছেন, অন্য দিকে মেয়ের এই সাফল্য পরিবারের কাছে হয়ে উঠেছে গর্বের মুহূর্ত। ছোট শহর থেকে উঠে এসে জাতীয় মঞ্চে নিজের পরিচিতি তৈরি করার এই কাহিনি নিঃসন্দেহে আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

— বিজ্ঞাপন —
Advertisement