Wildlife News: বাবার সঙ্গে চলন্ত বাইকে চেপে মেলায় যাওয়ার পথেই লেপার্ডের হামলার শিকার হল ৯ বছরের এক শিশুকন্যা। আচমকা চা বাগান থেকে বেরিয়ে এসে বাইকে থাকা শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ে বন্যপ্রাণীটি। লেপার্ডের থাবা ও দাঁতের আঘাতে শিশুকন্যার বাম পা জখম হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জের মেচপাড়া ডাইভারশনের কাছে। আহত অবস্থায় শিশুটিকে দ্রুত লতাবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুয়াপাড়ার বাসিন্দা সাবির লোহারা মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টা ১৫ মিনিট নাগাদ নিজের ৯ বছরের মেয়েকে নিয়ে হ্যামিল্টনগঞ্জের(Hemiltongunj) মেলায় যাওয়ার উদ্দেশ্যে বাইকে রওনা দিয়েছিলেন। মেচপাড়া ডাইভারশনের কিছুটা আগে পৌঁছতেই আচমকা পাশের চা বাগান(Tea Garden) থেকে বেরিয়ে আসে একটি বড় আকারের লেপার্ড। কিছু বুঝে ওঠার আগেই চলন্ত বাইকে থাকা শিশুকন্যাকে লক্ষ্য করে হামলা চালায় সেটি। আচমকা এই ঘটনায় কার্যত হতভম্ব হয়ে যান বাবা ও মেয়ে।
লেপার্ডের থাবা ও দাঁতের আঘাতে শিশুটির বাম পায়ে চোট লাগে। এরপর দ্রুত তাকে উদ্ধার করে লতাবাড়ি হাসপাতালে(Latabari Hospital) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তার চিকিৎসা শুরু করেন। জনবহুল রাস্তার উপর চলন্ত বাইকে থাকা শিশুর ওপর এভাবে লেপার্ডের হামলার ঘটনায় নতুন করে বন্যপ্রাণীর আনাগোনা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে হ্যামিল্টনগঞ্জ ও সংলগ্ন চা বাগান এলাকায়। সন্ধ্যার সময় ওই রাস্তায় যাতায়াতকারী মানুষের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে।