Tuesday, November 17, 2026
উত্তরবঙ্গ

শিলিগুড়িতে ফের ট্রাক আটকে চালককে মারধর ও টাকা চাওয়ার অভিযোগ, আটক ২

Published by টুম্পা ব্যাণার্জী |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- November 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ট্রাকের চাবি কেড়ে মারধর, শিলিগুড়িতে আটক দু'জন

শিলিগুড়ি: শিলিগুড়িতে ফের পণ্যবাহী ট্রাক আটকে চালককে হেনস্থা ও টাকা চাওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। তিনবাত্তি মোড়ে রবিবার গভীর রাতে একটি ১৬ চাকার ট্রাকের পথ আটকানো, চালককে মারধর, গাড়ির নথিপত্র ভাঙচুর এবং মালপত্র তল্লাশির নামে জোরজবরদস্তির অভিযোগ উঠেছে। ঘটনায় বিজেপির স্থানীয় এক পদাধিকারীর ভাইয়ের নাম জড়ানোয় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চর্চা। ইতিমধ্যেই দু'জনকে আটক করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের নম্বরপ্লেটযুক্ত একটি ট্রাক অসমের গুয়াহাটির দিকে যাচ্ছিল। সেই সময় তিনবাত্তি মোড়ের একটি পেট্রোল পাম্পের সামনে অসমের নম্বরপ্লেটযুক্ত একটি লাল রঙের থার গাড়ি ট্রাকটির পথ আটকায় বলে অভিযোগ।

ট্রাকচালক অমরেশ কুমারের দাবি, কয়েক জন যুবক তাঁর কাছে গাড়ির নথিপত্র ও মালপত্র সম্পর্কে জানতে চায়। আরসি বুক দেখাতে গেলে সেটি ভাঙচুর করা হয় এবং ট্রাকের চাবিও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে পাশের পেট্রোল পাম্পে আশ্রয় নেন চালক। পরে তাঁকে ট্রাকের সামনে নিয়ে গিয়ে টাকা চাওয়া হয় এবং টাকা দিতে অস্বীকার করায় মারধর করা হয় বলে অভিযোগ।

এমনকি পুলিশ ডেকে নথিপত্র ও মালপত্র পরীক্ষা করার কথা বললেও অভিযুক্তেরা তাতে কর্ণপাত করেনি বলে দাবি চালকের। উল্টে ট্রাকের ত্রিপলের দড়ি খুলে মালপত্র তল্লাশির চেষ্টা করা হয় বলে অভিযোগ।

ঘটনার একটি ভিডিয়োও সামনে এসেছে। সেখানে এক যুবককে ট্রাকের ত্রিপল খুলতে এবং চালকের সঙ্গে ধস্তাধস্তিতে জড়াতে দেখা গিয়েছে বলে দাবি। স্থানীয় সূত্রে ওই যুবকের পরিচয় সঞ্জয় বিশ্বাস বলে জানা গিয়েছে। অভিযোগ, তিনি শিলিগুড়ি পুরনিগমের ৩৩ নম্বর ওয়ার্ডের বিজেপি কো-অর্ডিনেটর সুজয় বিশ্বাসের ভাই। যদিও ঘটনায় তাঁর ভূমিকা এখনও পুলিশের তদন্তের বিষয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। একটি চারচাকা গাড়ি একটি ট্রাক আটক করা হয়েছে। দু'জনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভিনরাজ্য থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালকদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। কোনও গাড়ি বা মালপত্র নিয়ে সন্দেহ থাকলে তা খতিয়ে দেখার দায়িত্ব পুলিশের। সে ক্ষেত্রে মাঝরাস্তায় গাড়ি আটকে চালককে মারধর ও টাকা চাওয়ার অভিযোগ কতটা সত্যি, কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের পরেই স্পষ্ট হবে।

— বিজ্ঞাপন —
Advertisement