Forest News : বন্যপ্রাণী রক্ষায় দিনরাত গভীর জঙ্গলে ডিউটি করতে হয় বনকর্মীদের। প্রতিকূল পরিবেশে কাজ করতে গিয়ে কখনও হাতির হামলা, কখনও সাপের কামড়, আবার কখনও শারীরিক অসুস্থতার মতো নানা বিপদের মুখে পড়তে হয় তাঁদের। সেই ফ্রন্টলাইন বনকর্মীদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নিল পরিবেশপ্রেমী সংগঠন জাম্বু ট্রুপস।
কার্শিয়াং বন বিভাগের টুকরিয়াঝাড় রেঞ্জে বনকর্মীদের নিয়ে এক দিনের বিশেষ সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এই শিবিরে জরুরি পরিস্থিতিতে কী ভাবে নিজেদের সামলাতে হবে, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
হাতির আক্রমণের মুখে পড়লে কী করণীয়, সাপ কামড়ালে কী ভাবে প্রাথমিক পদক্ষেপ করতে হবে কিংবা জঙ্গলের মধ্যে প্যানিক অ্যাটাক হলে কী ভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে, তা হাতে-কলমে দেখানো হয়। পাশাপাশি কোনও বনকর্মী আচমকা অসুস্থ হয়ে পড়লে জরুরি অবস্থায় কী ভাবে সিপিআর দিতে হবে, তারও প্রদর্শন করা হয়।
সংগঠনের বক্তব্য, বন ও বন্যপ্রাণী রক্ষার কাজে নিয়োজিত কর্মীদের নিজেদের স্বাস্থ্য এবং সুরক্ষার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যেই এই শিবিরের আয়োজন।
অন্য দিকে, টুকরিয়াঝাড় রেঞ্জের রেঞ্জার জানান, শিবিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বনকর্মীদের অবগত করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে এই প্রশিক্ষণ তাঁদের কাজে আসবে বলে আশা করা হচ্ছে।