বাঁকুড়া: উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার কেদারতাল ট্রেক রুটে ভয়াবহ তুষারধসে প্রাণ হারানো এবং নিখোঁজ বাঁকুড়ার অভিযাত্রীদের পরিবারের পাশে দাঁড়াল বাঁকুড়া জেলা প্রশাসন।, শোকাহত পরিবারগুলিকে সমবেদনা জানাতে ও তাঁদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে শালবনী এবং কেশরা গ্রামে গেলেন জেলাশাসক অনীশ দাশগুপ্ত এবং পুলিশ সুপার ভি জি সতীশ পাসুমার্থি। তাঁদের সঙ্গে ছিলেন সদর মহকুমা শাসক (এসডিও), স্থানীয় বিডিও-সহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।
প্রশাসনিক দলটি প্রথমে শালবনী গ্রামে যায় এবং কেদারতাল অভিযানে প্রাণ হারানো তিন অভিযাত্রী— রিন্টু মণ্ডল, উদয় ঘোষ ও তাপস বাউরীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সমবেদনা জানায়। এরপর আধিকারিকরা ওই গ্রামেরই এখনও নিখোঁজ থাকা অভিযাত্রী রতন ঘোষের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সবরকম সহযোগিতার আশ্বাস দেন। শালবনী থেকে প্রশাসনিক কর্তারা কেশরা গ্রামে যান এবং মৃত অভিযাত্রী মনোজ খাওয়াসের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দেন। একদিকে প্রিয়জন হারানোর শোক, অন্যদিকে নিখোঁজ সদস্যের অপেক্ষা— এই কঠিন সময়ে প্রশাসনের শীর্ষ কর্তাদের কাছে পেয়ে কিছুটা হলেও ভরসা পেয়েছেন বিপর্যস্ত পরিবারগুলি।
অন্যদিকে, প্রশাসন সূত্রে খবর, আগামীকাল অর্থাৎ ১২ নভেম্বর, বৃহস্পতিবার বাঁকুড়া জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন বিকেলে বাঁকুড়া সার্কিট হাউসে কেদারতাল বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের সঙ্গে তাঁর সাক্ষাতের ব্যবস্থা করা হচ্ছে। এদিন গ্রামে গিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারগুলিকে এই বিষয়ে জানানো হয়েছে এবং প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি পরিবারের দু'জন করে সদস্য মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। উল্লেখ্য, কেদারতাল ট্রেক রুটে তুষারধসের কবলে পড়ে বাঁকুড়ার পাঁচ অভিযাত্রী নিখোঁজ হয়েছিলেন, যাঁদের মধ্যে চারজনের দেহ উদ্ধার হলেও এখনও কোনো খোঁজ মেলেনি রতন ঘোষের।