অনন্যা দে, আলিপুরদুয়ার, ৮ নভেম্বর: উৎসবের মরশুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বিশেষ উদ্যোগ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আলিপুরদুয়ার ডিভিশনের (এপিডিজে) উপর দিয়ে মোট ১২ জোড়া টিওডি স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে উৎসবের সময় বিভিন্ন গন্তব্যে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত ট্রেন পরিষেবা পাবেন যাত্রীরা।
রেল সূত্রে জানা গিয়েছে, এই ১২ জোড়া ট্রেনের মধ্যে দু'জোড়া ট্রেন আলিপুরদুয়ার ডিভিশন থেকেই যাত্রা শুরু করবে। এর মধ্যে ০৮৬৬১/০৮৬৬২ নম্বর রাঁচি-আলিপুরদুয়ার-রাঁচি স্পেশাল ট্রেনটি এনএমজেড, বিএনভি, এইচএসএ এবং এপিডিজে স্টেশনে দাঁড়াবে। অন্যদিকে, ০৩১২৫/০৩১২৬ নম্বর কলকাতা-নিউ কোচবিহার-কলকাতা স্পেশাল ট্রেনটি নিউ কোচবিহার, ডিকিউজি এবং জেপিই স্টেশনে স্টপেজ দেবে।
বাকি ১০ জোড়া স্পেশাল ট্রেন দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু, গুয়াহাটি, কানপুর, গোরক্ষপুর-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে। এই ট্রেনগুলিও আলিপুরদুয়ার ডিভিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে।
রেলের এই উদ্যোগে উৎসবের মরশুমে যাত্রীদের যাতায়াত আরও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে। ট্রেনগুলির বিস্তারিত সময়সূচি জানতে যাত্রীদের রেলের সরকারি সূত্রের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।