শিলিগুড়ি: ক্রিকেটের ২২ গজে ব্যাট হাতে ছক্কা হাঁকিয়ে দেশকে গর্বিত করেছেন বারবার। আর এবার সেই সাফল্যের ব্যস্ততা সরিয়ে রেখে পরিবারের সঙ্গে দীপাবলির আনন্দে মেতে উঠলেন শিলিগুড়ির মেয়ে তথা ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা রিচা ঘোষ।
আলোর উৎসবে নিজের বাড়িতেই মা-বাবার সঙ্গে সময় কাটান রিচা। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে দীপাবলি উদ্যাপন করেন তিনি। উৎসবের আমেজে বাড়িতে আতশবাজি ফাটাতেও দেখা যায় ভারতীয় মহিলা ক্রিকেট দলের এই তারকা ক্রিকেটারকে।
ক্রিকেটের মাঠে তাঁর আগ্রাসী ব্যাটিং এবং দুর্দান্ত পারফরম্যান্স ইতিমধ্যেই তাঁকে বিশেষ পরিচিতি দিয়েছে। তবে মাঠের বাইরেও পরিবারের সঙ্গে উৎসবের মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেল শিলিগুড়ির এই তারকা ক্রিকেটারকে। রিচার বাড়িতেও এদিন ছড়িয়ে পড়ে দীপাবলির আনন্দ ও আলোর রোশনাই।