দেবিকা দত্ত, শিলিগুড়িঃ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব গোবর্ধন পূজা। ভগবান শ্রীকৃষ্ণের অলৌকিক লীলাকে স্মরণ করে প্রতি বছর এই বিশেষ দিনে পুজো-অর্চনায় মেতে ওঠেন ভক্তরা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দ্বাপর যুগে বৃন্দাবনবাসীদের ইন্দ্রদেবের পরিবর্তে গোবর্ধন পর্বতের পূজা করার পরামর্শ দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। এতে ক্ষুব্ধ হয়ে ইন্দ্রদেব প্রবল বৃষ্টি ও ঝড় সৃষ্টি করেন। সেই সময় ব্রজবাসীদের রক্ষা করতে নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরেন শ্রীকৃষ্ণ। টানা সাত দিন পর্বতটি ধারণ করে ব্রজবাসী ও তাঁদের গবাদি পশুদের আশ্রয় দিয়েছিলেন তিনি।
শ্রীকৃষ্ণের এই লীলাকে কেন্দ্র করেই গোবর্ধন পূজার প্রচলন। এই দিনে ভক্তরা গোবর্ধন পর্বতের প্রতীকী রূপ তৈরি করে পুজো করেন। পাশাপাশি শ্রীকৃষ্ণের উদ্দেশে নিবেদন করা হয় অন্নকূট মহাভোগ। বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী দিয়ে সাজানো হয় ভোগের আয়োজন। কোথাও কোথাও কীর্তন, ভজন ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্যাপন করা হয় এই উৎসব। পুজো শেষে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ।
গোবর্ধন পূজার মধ্য দিয়ে ভগবানের প্রতি অটুট বিশ্বাস, ভক্তি ও শরণাগতির বার্তা দেওয়া হয়। একই সঙ্গে প্রকৃতি ও পরিবেশের প্রতি শ্রদ্ধা এবং গোরক্ষার গুরুত্বও তুলে ধরা হয়। ভক্তদের বিশ্বাস, পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে যাঁরা ভগবানের শরণাপন্ন হন, শ্রীকৃষ্ণ সর্বদা তাঁদের রক্ষা করেন।