Tuesday, November 10, 2026
উত্তরবঙ্গ

হায়দরপাড়ায় তিনতলা বাড়িতে ভয়াবহ আগুন, আতশবাজির ফুলকি থেকে অগ্নিকাণ্ডের আশঙ্কা

Published by স্মৃতি মণ্ডল |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- November 10, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
হায়দরপাড়ায় তিনতলা বাড়িতে আতশবাজির ফুলকি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড

শিলিগুড়ি: আতশবাজির ফুলকি থেকেই কি আগুন? হায়দরপাড়ার হরিজন বস্তিতে একটি তিনতলা বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে উঠছে এমনই প্রশ্ন। মঙ্গলবার শিলিগুড়ি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সর্বমঙ্গলা রোডে, হায়দরপাড়া ও আশ্রমপাড়ার সংযোগস্থলে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা।

প্রাথমিকভাবে অনুমান, আতশবাজির ফুলকি থেকে বাড়ির তিনতলায় আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বিভাগ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই বাড়ির তিনতলায় বিপুল পরিমাণে মুদিখানার সামগ্রী এবং বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ মজুত করে রাখা হয়েছিল। আবাসিক এলাকার মধ্যে থাকা বাড়িটিকে কার্যত বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছিল বলেও অভিযোগ। বাসিন্দাদের দাবি, বাড়িটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বড়সড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি বাড়িটিতে অগ্নিনির্বাপণ সংক্রান্ত বিধি মানা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখার জন্য প্রশাসনকে নির্দেশ দেন তিনি। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনও গাফিলতি থাকলে তার কারণও খুঁজে বের করার কথা বলেন মন্ত্রী।

শঙ্কর ঘোষ জানান, আবাসিক এলাকার মধ্যে থাকা একটি তিনতলা বাড়িতে কীভাবে বিপুল পরিমাণ সামগ্রী মজুত করে বাণিজ্যিক কাজ চলছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিষয়টি তাঁকে বিস্মিত করেছে। গোটা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন তিনি।

দমকলের তৎপরতায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে এই ঘটনা ফের আবাসিক ভবনে বাণিজ্যিক কাজে সামগ্রী মজুত, অগ্নিনির্বাপণ বিধি এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।

 

 

— বিজ্ঞাপন —
Advertisement