অনন্যা দে, আলিপুরদুয়ার: ফালাকাটায় ৫৩ নম্বর বাহিনীর খেলার মাঠে আয়োজিত আন্তঃসীমান্ত ক্রিকেট প্রতিযোগিতা-২০২৬-এর দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। প্রথম সেমিফাইনালে সীমান্ত শিলিগুড়ি ও সীমান্ত তেজপুর মুখোমুখি হয়। দুর্দান্ত পারফরম্যান্স করে ১৩৫ রানে জয় ছিনিয়ে নিয়ে ফাইনালে জায়গা করে নেয় সীমান্ত শিলিগুড়ি। ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হন কৃষ্ণকান্ত শর্মা। মাত্র ৪৫ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৯টি চার।
অন্যদিকে, দ্বিতীয় সেমিফাইনালে সীমান্ত রানিখেত ও সীমান্ত লখনউয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষ পর্যন্ত ২১ রানে জয় পেয়ে ফাইনালে ওঠে সীমান্ত রানিখেত।
আগামী ৯ অক্টোবর প্রতিযোগিতার ফাইনালে সীমান্ত শিলিগুড়ি ও সীমান্ত রানিখেত মুখোমুখি হবে। ফাইনাল ঘিরে ইতিমধ্যেই খেলোয়াড় ও দর্শকদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।