শিলিগুড়ি: গোর্খাদের দীর্ঘদিনের রাজনৈতিক দাবির স্থায়ী সমাধান নিয়ে নতুন করে আশার আলো দেখালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। সমাধানের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে দাবি তাঁর। শুধু তাই নয়, এই সংক্রান্ত বিল সংসদে আনারও ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি আগামী কয়েক দিনের মধ্যেই ডুয়ার্স সফরে আসতে চলেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।
তিন দিনের ‘এমপি দেওসি ভৈলো মহোৎসব ২০২৬’-এর সমাপ্তির পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোর্খাদের স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন রাজু বিস্তা। তিনি জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শিলিগুড়ি সফরের সময় তাঁর সঙ্গে বৈঠকের পর দু’বার দার্জিলিং ও কালিম্পং পরিদর্শন করেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আধিকারিকদের নিয়ে গঠিত প্রতিনিধি দল। ওই দলে রয়েছেন আলোচনার দায়িত্বপ্রাপ্ত মধ্যস্থতাকারীও।
সাংসদের বক্তব্য, পাহাড়ের পাশাপাশি এবার ডুয়ার্সের পরিস্থিতিও খতিয়ে দেখতে আসবে ওই প্রতিনিধি দল। গোটা বিষয়টি বর্তমানে কেন্দ্রীয় সরকারের বিবেচনাধীন। উপযুক্ত সময়ে সরকার পরবর্তী পদক্ষেপ করবে। এমনকি, স্থায়ী রাজনৈতিক সমাধানের জন্য সংসদে বিল আনার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। যদিও কবে সেই বিল সংসদে পেশ করা হবে, তা নিয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা জানাননি।
রাজু বিস্তার মতে, গোর্খাদের দীর্ঘদিনের রাজনৈতিক সমস্যার স্থায়ী সমাধান হলে পাহাড়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরবে। পাশাপাশি উন্নয়নের নতুন পথও খুলে যাবে। গোর্খা সম্প্রদায়ের পরিচয় ও অস্তিত্বের প্রশ্নে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটবে বলেও আশাবাদী তিনি।
সাংসদের এই বক্তব্যের পর পাহাড়ের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে ডুয়ার্সে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সম্ভাব্য সফর এবং সংসদে বিল আনার ইঙ্গিত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিনের দাবি এবার বাস্তবে কতটা এগোয়, এখন সেদিকেই নজর পাহাড়বাসীর।