Wednesday, November 18, 2026
উত্তরবঙ্গ

ছটপুজোর আনন্দের মাঝেই মর্মান্তিক পরিণতি! নদীতে তলিয়ে মৃত্যু ১৪ বছরের কিশোরের, শোকস্তব্ধ পরিবার

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- November 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ছট পুজোর সময় এই জায়গাতেই নদীতে তলিয়ে গিয়েছে কিশোর

শিলিগুড়ি: ছটপুজোর আনন্দের মধ্যেই মর্মান্তিক দুর্ঘটনা। নদীতে স্নান করতে নেমে জলে তলিয়ে মৃত্যু হল ১৪ বছরের এক কিশোরের। সোমবার ভোরে মাটিগাড়ার বালাসন বাজার সংলগ্ন ছটঘাটে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। মৃতের নাম সুজয় বর্মন। সে নবম শ্রেণির ছাত্র ছিল।

পরিবারের সদস্যদের সঙ্গে ছটপুজো দিতে ঘাটে এসেছিল সুজয়। পরিবারের লোকজন যখন পুজোর আচার-অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন, সেই সময় নদীতে স্নান করতে নামে সে। স্থানীয় সূত্রে খবর, নদীতে স্রোত বেশি থাকায় আচমকাই জলের তোড়ে তলিয়ে যায় ওই কিশোর।

ঘটনা নজরে আসতেই স্থানীয় বাসিন্দা ও ছটব্রতীরা নদীতে নেমে উদ্ধারকাজ শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করা সম্ভব হয়। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা সুজয়কে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মাটিগাড়া থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এই ঘটনার পিছনে রয়েছে আরও এক মর্মান্তিক পারিবারিক পরিণতি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগেই জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল সুজয়ের ভাইয়ের। সেই শোক কাটিয়ে ওঠার আগেই আরও এক সন্তানকে হারাল পরিবার। পরপর দুই সন্তানকে হারিয়ে কার্যত ভেঙে পড়েছেন পরিবারের সদস্যেরা। গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

— বিজ্ঞাপন —
Advertisement