Tuesday, November 17, 2026
উত্তরবঙ্গ

২০২৬ সালের নির্বাচনে মানুষ বুঝিয়ে দিয়েছে, বাংলা সবার—শুধু তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, কটাক্ষ সাংসদের

Published by টুম্পা ব্যাণার্জী |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- November 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
এনকাউন্টার বিতর্কে মুখ খুললেন রাজু বিস্তা

শিলিগুড়ি: রাজ্যে একের পর এক পুলিশি এনকাউন্টার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ খুললেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে দাবি করলেন তিনি। শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বলেন, ‘‘যাঁরা অন্যায় করেছেন, তাঁদের শাস্তি দেবে আইন। বাংলার মা, বোন ও মেয়েদের উপর যাঁরা অত্যাচার করেছেন, তাঁদেরও আইন মেনেই শাস্তি পেতে হবে।’’

রাজুর দাবি, রাজ্যে বর্তমানে সেই প্রক্রিয়াই শুরু হয়েছে। তাঁর কথায়, বাংলাকে অন্যায়, অত্যাচার এবং বিভিন্ন বেআইনি কাজ থেকে মুক্ত করার উদ্যোগ চলছে। যদিও পুলিশি এনকাউন্টার নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি। বিজেপি সরকারের নেতৃত্বে রাজ্যে পরিবর্তনের পাশাপাশি উন্নয়নের কাজও এগিয়ে চলেছে বলে দাবি করেন সাংসদ। এ জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদও জানান তিনি।

অন্যদিকে, ছটপুজোকে কেন্দ্র করে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমাজমাধ্যমে করা পোস্ট নিয়েও সরব হন রাজু। তাঁর বক্তব্য, ২০২৬ সালের নির্বাচনে বাংলার মানুষ নিজেদের রায় স্পষ্ট করে দিয়েছেন। বাংলা যে সবার, তা মানুষ বুঝিয়ে দিয়েছেন। বাংলা শুধু তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নয়।

তৃণমূলের শাসনকাল নিয়েও কটাক্ষ করেন দার্জিলিংয়ের সাংসদ। তাঁর অভিযোগ, ওই সময়ে রাজ্যে তোলাবাজি, কাটমানি এবং নানা ধরনের বেআইনি কাজ বেড়ে গিয়েছিল। বিজেপি সরকারের আমলে এ ধরনের কোনও কাজ বরদাস্ত করা হবে না বলেও দাবি করেন তিনি।

রাজুর বক্তব্য, বাংলায় আর গুন্ডাগিরি চলবে না। আইন মেনেই রাজ্য পরিচালিত হবে এবং অন্যায়কারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

— বিজ্ঞাপন —
Advertisement