Wednesday, November 18, 2026
আল্ট্রা লোকাল

জন্মজয়ন্তীর আগে ভগবান বিরসা মুন্ডার মূর্তি পরিষ্কার করলেন খগেন মুর্মু ও ক্ষুদিরাম টুডু

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- November 14, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বিরসা মুন্ডার দুটি মূর্তি পরিষ্কার করার কাজ করা হচ্ছে

রানীবাঁধ,বাঁকুড়া : বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধ বাজারে বিরসা মুন্ডার দুটি মূর্তি পরিষ্কার করার কাজে হাত লাগালেন উত্তরবঙ্গের বিজেপি সাংসদ তথা দলের এসটি মোর্চার রাজ্য সভাপতি খগেন মুর্মু। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। কেন্দ্রের তরফে ১৫ নভেম্বর দিনটিকে 'জনজাতীয় গৌরব দিবস' হিসেবে পালন করা হয়। ২০২১ সালে বিরসা মুন্ডার জন্মদিনকে এই বিশেষ মর্যাদা দেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে ১১ থেকে ১৮ নভেম্বর দেশজুড়ে চলছে জনজাতীয় গৌরব দিবস উদ্‌যাপনের নানা কর্মসূচি। তারই অঙ্গ হিসেবে স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের স্মৃতিবিজড়িত মূর্তি পরিষ্কার এবং স্বচ্ছতা অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান খগেন মুর্মু।

রানীবাঁধ বাজারে বিরসা মুন্ডার দুটি মূর্তি পরিষ্কারের কাজে অংশ নিয়ে খগেন মুর্মু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদিবাসীদের উন্নয়ন, মর্যাদা ও সম্মানের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। বিরসা মুন্ডার জন্মদিনকে জনজাতীয় গৌরব দিবস হিসেবে ঘোষণা তারই একটি দৃষ্টান্ত। দেশজুড়ে আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ও শহিদদের মূর্তি পরিষ্কারের মাধ্যমে তাদের আত্মত্যাগ ও অবদানের কথা সাধারণ মানুষের সামনে তুলে ধরাই এই কর্মসূচির লক্ষ্য। দীর্ঘদিন ধরে আদিবাসী সমাজকে পিছনের সারিতে রাখা হয়েছে। তাদের যথাযথ উন্নয়ন ও অগ্রগতির সুযোগ দেওয়া হয়নি। বর্তমানে সেই পরিস্থিতির পরিবর্তন হচ্ছে বলেও দাবি করেন তিনি। আগামী ১৫ নভেম্বর বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যে দুটি জনসভার আয়োজন করা হয়েছে। সেই সভায় সাধারণ মানুষকে উপস্থিত থাকার আবেদনও জানান খগেন মুর্মু।

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু বলেন, আগামীকাল ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী। সেই উপলক্ষেই এ দিন তার মূর্তিগুলি পরিষ্কার করা হয়েছে।

 

— বিজ্ঞাপন —
Advertisement