Road Accident : ফের পথ দুর্ঘটনার কবলে পড়ল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি তেলের ট্যাঙ্কারের পিছনে সজোরে ধাক্কা মারে বাসটি। ঘটনায় আহত হয়েছেন বাসের প্রায় ১৩ জন যাত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন এসবিএসটিসি বাসটি কলকাতার ধর্মতলা থেকে মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল। ভাতারের কাপশোড়ের কাছে আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং সামনের একটি তেলের ট্যাঙ্কারে সজোরে ধাক্কা মারে।ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় বাসের সামনের অংশটি।
শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ভাতার থানার পুলিশ। পাশাপাশি, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার বিধায়কও। আহত যাত্রীদের উদ্ধার করে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
জানা গিয়েছে, আহত যাত্রীদের অধিকাংশই মুর্শিদাবাদ ও বীরভূম জেলার বাসিন্দা। দুর্ঘটনার জেরে ওই রাস্তায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও, পুলিশের হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখছে ভাতার থানার পুলিশ।