Tuesday, November 17, 2026
আল্ট্রা লোকাল

ভক্তদের ঢল বর্ধমানের সদরঘাটে, ছটপুজোয় সম্প্রীতির বার্তা প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রের

Published by টুম্পা ব্যাণার্জী |
সায়নী সরকার Posted by সায়নী সরকার
- November 16, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
ছটপুজোর ঘাটে ঐক্যের সুর মন্ত্রীর গলায়

পূর্ব বর্ধমান : ছটপুজোকে কেন্দ্র করে উৎসবমুখর হয়ে উঠল বর্ধমানের দামোদর নদের সদরঘাট। সোমবার উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন ও পুণ্যস্নানের জন্য শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ঘাটে ভিড় জমান। এদিন পুজোর ঘাট থেকে ভাষা, ধর্ম ও জাতপাতের বিভেদ ভুলে ঐক্যের বার্তা দেন রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র। তিনি বলেন, “ভাষা, ধর্ম বা জাতের নামে মানুষকে আলাদা করে রাখার রাজনীতির দিন শেষ হয়েছে, রাজ্যের মানুষ এখন সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।”

কঠোর নিয়ম-নিষ্ঠা ও নির্জলা উপবাসের মাধ্যমে সূর্যদেব ও ছটিমাইয়ার আরাধনায় মাতেন ব্রতীরা। রবিবার বিকেলে নদীর জলে দাঁড়িয়ে অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেওয়ার পর, সোমবার ভোরে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদনের মধ্য দিয়ে ব্রত সম্পন্ন হয়। 

এদিনের অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল, পুলিশ সুপার পুষ্পা এবং বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি আশীষ পাল-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনেরা।

সদরঘাটের এই বিপুল জনসমাগমকে গঙ্গাসাগর ও কুম্ভমেলার সঙ্গে তুলনা করে প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, "এখানে দেড় লাখেরও বেশি মানুষের সমাগম হয়েছে, যা পশ্চিমবঙ্গে আগে দেখা যায়নি। আমরা হিন্দিভাষী বা বাঙালিভাষী নই, আমাদের পরিচয় আমরা ভারতীয়। ‘ইউনিটি ইন ডাইভারসিটি’ বা বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।" তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ ও নেতৃত্বে রাজ্যের প্রতিটি মানুষ যাতে নির্বিঘ্নে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন, প্রশাসন সেই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে।

পুণ্যার্থীদের সুবিধার্থে এবার ঘাটজুড়ে বিশেষ প্রশাসনিক তৎপরতা চোখে পড়েছে। প্রতিমন্ত্রী জানান, ছটপুজো কমিটির সদস্যদের অনুরোধে এবার প্রতিটি ঘাটে ব্রতীদের দণ্ডি কাটার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল। পাশাপাশি, ঘাটে নামার নিরাপত্তা, পর্যাপ্ত আলো, পানীয় জল, পরিচ্ছন্নতা এবং ট্রাফিক ব্যবস্থার ওপরও বিশেষ নজর দেওয়া হয়। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল পুলিশ প্রশাসন, আর তাদের সঙ্গে দিনরাত হাতে হাত মিলিয়ে কাজ করেছে সদরঘাট ছটপুজো ওয়েলফেয়ার সমিতি।

সবশেষে সকলের সুস্থতা ও পরিবারের মঙ্গল কামনা করে প্রতিমন্ত্রী জানান, ছট মায়ের আশীর্বাদে প্রত্যেকের মনোকামনা পূর্ণ হোক এটাই তাঁর প্রার্থনা।

 

— বিজ্ঞাপন —
Advertisement