গঙ্গাজলঘাটি,বাঁকুড়া: অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবার খেয়ে অসুস্থ একাধিক শিশু, হাসপাতালে চলছে চিকিৎসা! খাবারে ইঁদুরের মল থাকার অভিযোগে গ্রামজুড়ে চাঞ্চল্য। বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের ধবনী গ্রামের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল একাধিক শিশু। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থ শিশুদের ধাপে ধাপে অমরকানন গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
গ্রামবাসীদের অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পরিবেশিত খাবারের মধ্যে ইঁদুরের মল দেখতে পাওয়া যায়। তাঁদের আশঙ্কা, দূষিত খাবার খেয়েই শিশুরা অসুস্থ হয়ে পড়েছে। স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার রান্না ও পরিবেশন করা হচ্ছে। এ নিয়ে বারবার উদ্বেগ থাকলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি।
এই ঘটনার প্রতিবাদে আজ গ্রামের বাসিন্দারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান। খবর পেয়ে গঙ্গাজলঘাটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিষোভ দেখয়ে গেলেও আইসিডিএস দপ্তরের কোনও আধিকারিক ঘটনাস্থলে না পৌঁছনোয় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
শিশুদের খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে এবার একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে প্রশাসনের তরফে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।