Tuesday, November 17, 2026
জেলা

২৩ হাঁড়ির ভোগ, যাত্রার আসরেই অনন্য পুরুলিয়ার শিয়ালডাঙার জগদ্ধাত্রী পুজো

Published by স্মৃতি মণ্ডল |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- November 14, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
২৩টি মাটির হাঁড়িতে তৈরি মহাভোগ, শিয়ালডাঙার জগদ্ধাত্রী পুজোয়

পুরুলিয়া: কোথাও পুজোর আকর্ষণ আলোর রোশনাই, কোথাও আবার চোখধাঁধানো মণ্ডপসজ্জা। কিন্তু পুরুলিয়ার শিয়ালডাঙা গ্রামের জগদ্ধাত্রী পুজোর পরিচয় সম্পূর্ণ আলাদা। এখানে উৎসবের আসল আকর্ষণ কয়েকশো বছরের পুরনো পারিবারিক বিশ্বাস, ২৩টি মাটির হাঁড়িতে তৈরি মহাভোগ আর দীর্ঘ ৮৮ বছরের যাত্রাপালার ঐতিহ্য। আধুনিক বিনোদনের নানা মাধ্যমের মধ্যেও যে গ্রামীণ সংস্কৃতির আবেদন আজও অটুট, তারই নজির কাশীপুরের এই গ্রাম।

কাশীপুর থানার অন্তর্গত শিয়ালডাঙায় প্রায় ১৫০ বছরের পুরানো এই জগদ্ধাত্রী পুজো। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, গ্রামের বাসিন্দা হারাধন আচার্য পুত্রসন্তান কামনায় এই পুজোর সূচনা করেছিলেন। সেই সময়ের সামাজিক বিশ্বাস ও মানতকে কেন্দ্র করে শুরু হওয়া দেবী আরাধনা আজ গ্রামের সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। প্রজন্ম বদলেছে, বদলেছে সময়, কিন্তু পুজোর সঙ্গে গ্রামের মানুষের আত্মিক সম্পর্ক একই রয়ে গিয়েছে।

এই উৎসবের বিশেষত্ব শুধু পুজোর বয়সে সীমাবদ্ধ নয়। চার দিন ধরে চলা অনুষ্ঠানের মধ্যে নবমীর দিনকে ঘিরেই থাকে সবচেয়ে বেশি উন্মাদনা। সেদিন মাটির তৈরি গোলাকার উনুনে পরপর বসানো হয় ২৩টি হাঁড়ি। একসঙ্গে চলে ভোগ রান্নার আয়োজন। ধোঁয়া ওঠা মাটির হাঁড়িতে তৈরি সেই মহাপ্রসাদ গ্রহণ করতে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। গ্রামের মানুষের কাছে এই ভোগ শুধু প্রসাদ নয়, বরং মিলেমিশে উৎসব পালনের এক পুরনো পরম্পরা।

তবে শিয়ালডাঙার পুজোর আরও একটি আকর্ষণ রয়েছে, যা বর্তমান প্রজন্মের কাছেও সমান জনপ্রিয়। সেটি হল যাত্রাপালা। টেলিভিশন, সিনেমা কিংবা ওটিটি প্ল্যাটফর্মের দাপটেও এই গ্রামে যাত্রার মঞ্চের আবেদন কমেনি। বিগত ৮৮ বছরেরও বেশি সময় ধরে পুজো মণ্ডপে নিয়ম করে বসছে যাত্রার আসর। স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সেই আয়োজন হয়ে ওঠে গ্রামের সাংস্কৃতিক মিলনক্ষেত্র।

পুজোকে কেন্দ্র করে শুধু ধর্মীয় আবেগ নয়, তৈরি হয় সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিবেশও। চার দিনের উৎসবে গ্রামের মানুষের পাশাপাশি আশপাশের এলাকার বাসিন্দাদের আনাগোনায় জমজমাট হয়ে ওঠে শিয়ালডাঙা। স্থানীয় ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিল্পীদের অংশগ্রহণ—সব মিলিয়ে এই উৎসবের প্রভাব ছড়িয়ে পড়ে গ্রামের বিভিন্ন স্তরে।

— বিজ্ঞাপন —
Advertisement