Jaldapara Santuary: উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় বন্যপ্রাণ পর্যটনকেন্দ্র জলদাপাড়া জাতীয় উদ্যান। পর্যটকদের কাছে ক্রমশ বাড়ছে এই জাতীয় উদ্যানের আকর্ষণ। যার প্রমাণ মিলল সাম্প্রতিক পর্যটক পরিসংখ্যানে। মাত্র এক মাসে জলদাপাড়ায় জঙ্গল সাফারির আনন্দ উপভোগ করেছেন ১৪ হাজার ৬২৫ জন পর্যটক। তাঁদের মধ্যে ২০১ জন বিদেশি পর্যটক। বাকি পর্যটকেরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং দেশের নানা প্রান্ত থেকে এসেছেন।
১৫ অক্টোবর থেকে ১৫ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই পরিসংখ্যান সামনে এসেছে। তবে এই সংখ্যা শুধুমাত্র সাফারিতে অংশ নেওয়া পর্যটকদের। এর বাইরেও বহু পর্যটক জলদাপাড়া সংলগ্ন এলাকায় হোটেল, রিসর্ট ও হোমস্টেতে থাকছেন। পাশাপাশি জঙ্গল লাগোয়া এলাকায় ট্রেকিং, পাখি দেখা এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেও ভিড় করছেন অনেকে।
জলদাপাড়ার অন্যতম আকর্ষণ একশৃঙ্গ গন্ডার। এছাড়াও এখানকার বিস্তীর্ণ তৃণভূমি, নদী, ঘন জঙ্গল এবং বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। বন্যপ্রাণীদের প্রাকৃতিক পরিবেশে দেখার সুযোগ পেতেই বহু পর্যটক সাফারিতে অংশ নিচ্ছেন।
পর্যটকদের এই বাড়তি ভিড়ের ইতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতেও। হোটেল, রিসর্ট, হোমস্টে, রেস্তরাঁ, গাড়ি পরিষেবা, পর্যটক গাইড এবং স্থানীয় দোকানদারদের ব্যবসায় বাড়ছে আয়। এই বিষয়ে জলদাপাড়া হোটেল এন্ড লজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জহরলাল সাহা জানান, "এর থেকে খুশির খবর কিছু হয় না। দেশি-বিদেশি পর্যটকদের দেখা মিলছে এই স্থানে। ছন্দে ফিরল এই এলাকার পর্যটন।" জলদাপাড়া শুধু বন্যপ্রাণ পর্যটনের কেন্দ্র হিসেবেই নয়, উত্তরবঙ্গের পর্যটন ও স্থানীয় মানুষের কর্মসংস্থানের অন্যতম ভরসা হিসেবেও উঠে আসছে।
উত্তম রায় নামে এক গাইড জানান, “বিগত বছরগুলিতে প্রাকৃতিক বিপর্যয় দেখেছে জলদাপাড়া। তবে আবার নতুনভাবে নিজেদের মনোবল বাড়িয়েছিলাম আমরা। হয়ত সেই সুফল মিলছে এখন।”