পূর্ব বর্ধমান: ভোটের বাদ্যি বাজেনি, নেই কোনও জরুরি অবস্থাও। অথচ নভেম্বরের শুরুতেই মেমারির রাস্তায় হঠাৎ দেখা মিলল একদল প্রাক্তন সেনাকর্মীর!
কখনও তাঁরা হেলমেটহীন বাইক থামিয়ে বোঝচ্ছেন, কখনও আবার কড়া নজর রাখছেন পাড়ার মোড়ে মোড়ে। জওয়ানরা হঠাৎ এমন ভূমিকায় কেন?
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এমন কী পরিস্থিতি তৈরি হল যে তাঁদের রাস্তায় নামতে হলো? কার নির্দেশেই বা তাঁরা এই কাজ করছেন?
ঘটনার জল গড়িয়েছে আরও দূর। মেমারি শহরের বুকেই প্রাক্তন সেনাকর্মীদের এই কার্যক্রম পরিচালনার জন্য তৈরি হয়েছে একটি আস্ত কার্যালয়। যা দেখে তাজ্জব মেমারিবাসী।যাঁরা এতদিন দেশকে রক্ষা করেছেন, তাঁরা মেমারির অন্দরে কীসের 'অপারেশন' চালাচ্ছেন?
সাধারণত সীমান্ত পাহারা কিংবা যুদ্ধকালীন পরিস্থিতিতেই সেনা জওয়ানদের তৎপরতা চোখে পড়ে। আবার বিধানসভা বা লোকসভা নির্বাচনের সময় এলাকায় মানুষের ভয় কাটাতে এবং অবাধ ভোট নিশ্চিত করতে কেন্দ্রীয় আধাসেনাকে রুট মার্চ করতে দেখা যায়। কিন্তু মেমারিতে কোনও নির্বাচন না থাকা সত্ত্বেও প্রাক্তন সেনাকর্মীদের এভাবে দলবদ্ধ হয়ে টহল দিতে দেখা যাচ্ছে।
জানা গিয়েছে, এই প্রাক্তন সেনাকর্মীদের নিয়ে এই নয়া উদ্যোগ নিয়েছেন মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ।
বিধায়কের বলেন, মেমারি বিধানসভা এলাকার বাসিন্দাদের মধ্যে নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে এবং চোলাই মদ, গাঁজা ও জুয়ার ঠেক বন্ধ করতেই প্রাক্তন সেনাকর্মীদের ময়দানে নামানো হয়েছে। বিধায়কের প্রতিনিধি হিসেবে তাঁরা পুরসভার বিভিন্ন ওয়ার্ড এবং পঞ্চায়েতের গ্রামগুলিতে নজরদারি চালাবেন। পাশাপাশি হেলমেট ছাড়া বাইক চালানো ব্যক্তিদের সচেতন করার কাজও করবেন। বিধায়কের কথায়, "এতদিন এঁরা দেশরক্ষার কাজ করেছেন, এবার মেমারির মানুষকে সচেতন করার দায়িত্ব পালন করবেন।"
তিনি আরও জানান, পর্যাপ্ত পুলিশকর্মীর অভাবে সব জায়গায় নজরদারি চালানো প্রশাসনের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না। একজন বিধায়কের মূল কাজ এলাকার সার্বিক উন্নয়ন ও প্রকল্প রূপায়ণ। সেই কারণেই প্রাক্তন সেনাকর্মীদের স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন তিনি। তাঁর ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যেই অনেকে কাজে নেমে পড়েছেন। বিধায়কের কাছ থেকে এই নতুন দায়িত্ব পেয়ে প্রাক্তন জওয়ানরাও বেশ উৎসাহিত।
এদিকে, প্রাক্তন সেনাকর্মীদের জন্য যে অস্থায়ী কার্যালয়টি খোলা হয়েছে, তা নিয়ে দানা বেঁধেছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
পূর্ত দপ্তরের জমিতে মেমারি শহরের ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের আমলে একটি ওয়ার্ড অফিস তৈরি করা হয়েছিল। তৎকালীন কাউন্সিলর ছিলেন স্বপন বিষয়ী, যিনি পরবর্তীতে মেমারি পুরসভার পুরপ্রধানও হন। ক্ষমতার পট পরিবর্তনের পর অফিসটি কার্যত বিজেপির নিয়ন্ত্রণে চলে আসে।
বিধায়ক মানব গুহর দাবি, স্বপন বিষয়ীর আমলে সরকারি জমিতে তৈরি এই কার্যালয়টি এতদিন নিছক দলীয় কাজে ব্যবহৃত হয়েছে। এবার সেটিকে সাধারণ মানুষের সামাজিক কল্যাণের স্বার্থে ব্যবহার করা হবে। ভবিষ্যতে প্রাক্তন সেনাকর্মীদের জন্য একটি পৃথক স্থায়ী কার্যালয় তৈরির পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে, এই গোটা ঘটনা নিয়ে তৃণমূল নেতা দেবু টুডু কটাক্ষ করে বলেন, "এলাকার মানুষ সব দেখছেন। সময় এলেই সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবেন।"