নিঊজ ফোর ডেস্কঃ ঊইলের সেঞ্চুরিতে ভর করে চতুর্থ একদিনের ম্যাচে ৩০০ রানের গণ্ডি টপকালো নিঊজিল্যাণ্ড।নির্ধারিত ৫০ ওভারে নিউজিল্যান্ড শেষ পর্যন্ত থামে ৩৩৩ রানে। ভারতীয় বোলারদের মধ্যে দু’টি করে উইকেট পেয়েছেন অক্ষর প্যাটেল, গুর্নুর এবং আকিব। একটি উইকেট গিয়েছে অর্শদীপ সিং এবং নমন ধীরের ঝুলিতে। পাঁচ ম্যাচের সিরিজে আপাতত ভারত ২-০ এগিয়ে। শুক্রবারের ম্যাচ জিতলেই সিরিজ আসবে ভারতের পকেটে। একাধিক তারকাকে বাদ দিয়ে ‘দুর্বল’ ভারতীয় দলকে টেনে তোলার দায়িত্ব এখন বিরাট কোহলিদের কাঁধে। রো-কো জুটি কি জেতাতে পারবে ভারতকে?
নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে খেলছেন না অধিনায়ক শুভমান গিল। টেস্টের সহ অধিনায়ক কে এল রাহুলও নেই দলে। তাঁরা দু’জন চলে গিয়েছেন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য। তাই এদিন মেন ইন ব্লুকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার। এদিন তিনি টানা সপ্তম টস জিতে রেকর্ড গড়লেন। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন শ্রেয়স। কিন্তু মাউন্ট মানগানুইয়ের পিচ থেকে সেভাবে সাহায্য পাননি আকিব নবিরা। পাওয়ার প্লেতে একটাও উইকেট না খুইয়ে ওপেনিং পার্টনারশিপে উঠে যায় ৮৫ রান। তার নেপথ্যে অবশ্য রোহিত এবং ঈশান কিষানের ক্যাচ মিস।
পরপর দুই বলে জীবন পেয়ে উইল ইয়ং মারকুটে সেঞ্চুরি হাঁকিয়ে যান। ১০৮ বল খেলে তাঁর ব্যাট থেকে ১২৫ রান আসে। অন্যদিকে সাইফার্টের সংগ্রহ ৫৮ রান। আক্রমণাত্মক মেজাজে ফিন অ্যালেনও ৪১ রান করেন। তবে ভারতের বোলিং লাইন আপ ছন্দে ফেরে ডেথ ওভারে। একটা সময়ে মনে হচ্ছিল, কিউয়িদের রান হয়তো চারশো পেরিয়ে যাবে। কিন্তু আকিব নবি-গুর্নুর ব্রাররা রান আটকানোর পাশাপাশি উইকেটও তুলে নিতে থাকেন। তবে নিউজিল্যান্ডে দুরন্ত ছন্দে থাকা অংশুল কম্বোজ এদিন ছিলেন না। তার ফলে ভারতের বোলিং বেশ দুর্বল হয়ে পড়ে। প্রথম দিকে পরপর ক্যাচমিস ও বোলারদের দুর্বলতাই নিঊজিল্যাণ্ডকে ৩৩৩ রানের বিশাল পাহাড় খাড়া করতে সহায়ক হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষঞ্গদের একাংশ।