দেবিকা দত্ত:শিলিগুড়ি: প্রায় দু’মাস হোটেলে থাকার পর ভাড়া না মেটানো এবং বকেয়া টাকা চাইতে গেলে হোটেল কর্তৃপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক মহিলা। ধৃতের নাম ত্রিনা ভট্টাচার্য (৩৮)। তিনি দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হোটেল কর্তৃপক্ষের দাবি, তাঁর কাছে প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা ভাড়া বকেয়া রয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রধাননগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’মাস আগে কোনও কাজের সূত্রে শিলিগুড়িতে এসেছিলেন ওই মহিলা। এরপর গুরুঙ বস্তি মোড়ের কাছে একটি হোটেলে থাকতে শুরু করেন তিনি। হোটেল কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘদিন সেখানে থাকলেও ঘরভাড়া মেটাননি ত্রিনা। ক্রমে বকেয়ার পরিমাণ বেড়ে দাঁড়ায় প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা।
অভিযোগ, বকেয়া ভাড়া মেটানোর জন্য তাঁকে বলা হলে হোটেল কর্তৃপক্ষকে একটি চেক দেন ওই মহিলা। কিন্তু ব্যাঙ্কে চেক জমা দেওয়ার পর সেটি বাউন্স করে বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। এরপর ফের টাকা চাইতে গেলে তাঁদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
এই ঘটনায় গতকাল প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হোটেল কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে হোটেল থেকেই ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রতারণা ও হুমকি দেওয়ার অভিযোগ-সহ মামলা রুজু করা হয়েছে।
আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। অন্যদিকে, কী কারণে ওই মহিলা শিলিগুড়িতে এসেছিলেন এবং তাঁর সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনার পিছনে অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।