Sunday, November 1, 2026
জেলা

দীপাবলির আগে যানজট রুখতে হকার্স কর্নারে পুলিশের অভিযান, জরিমানা গাড়িচালকদের

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 29, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
যানজট নিয়ন্ত্রণে তৎপর পুলিশ

দেবিকা দত্ত, শিলিগুড়ি: দীপাবলির আগে শহরের বাজার গুলিতে ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের আশঙ্কাও বাড়ছে। সেই পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক রাখতে তৎপর হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাংকি ট্রাফিক গার্ড। বৃহস্পতিবার হকার্স কর্নার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে রাস্তা দখল করে ব্যবসা করা দোকানদারদের সতর্ক করার পাশাপাশি বেআইনি ভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগে জরিমানাও করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হকার্স কর্নার এলাকায় যানজটের সমস্যা দীর্ঘদিনের। তার উপর উৎসবের  মরশুমে কেনাকাটার জন্য বাজারে ক্রেতাদের ভিড় বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। রাস্তার উপর দোকানের সামগ্রী সাজিয়ে রাখার ফলে পথচারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলেও সমস্যা তৈরি হয়। এই পরিস্থিতি এড়াতেই এ দিন অভিযান চালানো হয়।

অভিযান চলাকালীন বেশ কয়েকজন ব্যবসায়ীকে রাস্তার একাংশ দখল করে দোকানের সামগ্রী সাজিয়ে রাখতে দেখা যায় বলে জানা গিয়েছে। তাঁদের রাস্তা থেকে সামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দেন ট্রাফিক পুলিশের কর্মীরা। পাশাপাশি, রাস্তার উপর বেআইনি ভাবে গাড়ি দাঁড় করিয়ে রাখার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্ট গাড়ি গুলিকে জরিমানা করা হয়।

পুলিশের তরফে ব্যবসায়ীদের সতর্ক করে জানানো হয়েছে, রাস্তা দখল করে ব্যবসা করা বা যান চলাচলে বাধা সৃষ্টি করা হলে আগামী দিনে আরও কড়া পদক্ষেপ করা হবে। উৎসবের দিনগুলিতে শহরের গুরুত্বপূর্ণ বাজার এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমানোই এই অভিযানের মূল লক্ষ্য। দীপাবলির আগে শহরের অন্যান্য ব্যস্ত এলাকাতেও যানজট নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

— বিজ্ঞাপন —
Advertisement