Sunday, November 1, 2026
জেলা

ভাঙড়ের শোনপুর খালপাড়ে গভীর রাতে তাণ্ডব! ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও বোমাবাজির অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী

Published by Newz4 Admin |
সুমন সাহা Posted by সুমন সাহা
- November 01, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
রাতে বাড়িতে ভাঙচুর তাণ্ডব

ভাঙড়: রাতের অন্ধকারে দলবল নিয়ে গরিব মেহনতি মানুষের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল এক কন্ট্রাক্টর ও তাঁর দলবলের বিরুদ্ধে। ভাঙড়ের শোনপুর খালপাড় এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়িতে ঢুকে নির্বিচারে ভাঙচুর চালানোর পাশাপাশি লুটপাট করা হয়। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ঘরের আসবাবপত্র থেকে শুরু করে বাড়িতে রাখা বাইকও। এমনকি এলাকায় একাধিক বোমাবাজির ঘটনাও ঘটেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। অভিযোগ, শনিবার গভীর রাতে হঠাৎই দলবল নিয়ে এলাকায় চড়াও হন অভিযুক্তরা। এরপর বাড়িঘরে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি মহিলা-সহ পরিবারের একাধিক সদস্যকে মারধর করা হয়। বাড়ির ভিতরে থাকা বাইক, আসবাবপত্র-সহ বিভিন্ন সামগ্রী ভেঙে তছনছ করে দেওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ভাঙড় ২ নম্বর ব্লকের তৃণমূল ঘনিষ্ঠ কন্ট্রাক্টর ছাকবাত এবং তাঁর দলবলের বিরুদ্ধে। যদিও অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ। স্থানীয়দের দাবি, হামলার সময় এলাকায় বেশ কয়েকটি বোমা ফাটানো হয়। রাতের এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উত্তর কাশীপুর থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জমি বিবাদকে কেন্দ্র করে এই হামলার ঘটনায় কারা জড়িত এবং কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

— বিজ্ঞাপন —
Advertisement