শিলিগুড়ি: ছটপুজোকে কেন্দ্র করে ঘাটগুলির প্রস্তুতি ও পরিকাঠামো খতিয়ে দেখতে শহরের দুই গুরুত্বপূর্ণ ছটপুজো ঘাটে পৌঁছলেন রাজ্যের পর্যটনমন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। প্রথমে টিকিয়াপাড়া ছটপুজো ঘাটে পৌঁছে সেখানকার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পাশাপাশি চ্যাট পুজো সেবা সমিতির উদ্যোগে আয়োজিত ছটপুজোর প্রস্তুতিও খতিয়ে দেখেন।
এরপর লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে পৌঁছন মন্ত্রী। সেখানে ঘাটের পরিকাঠামো, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোর ব্যবস্থা এবং পুণ্যার্থীদের নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি ঘুরে দেখেন তিনি। ছটব্রতীদের যাতে কোনওরকম সমস্যার মুখে পড়তে না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব দেন।
ছটপুজো উপলক্ষে প্রতি বছরই শিলিগুড়ির বিভিন্ন ঘাটে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। তাই পুজোর আগে ঘাটগুলিতে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। দুই ঘাট পরিদর্শনের মাধ্যমে প্রস্তুতির অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখলেন পর্যটনমন্ত্রী।