Friday, November 13, 2026
উত্তরবঙ্গ

সিকিমের মুখ্যমন্ত্রীর হাত ধরে মিলনমোড়ে গোর্খা সংস্কৃতির মহোৎসবের সূচনা, ২০ দলের প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৫ লক্ষ টাকা

Published by টুম্পা ব্যাণার্জী |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- November 13, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
২০ দলের দেউসি-ভাইলো প্রতিযোগিতা

শিলিগুড়ি: গোর্খা সংস্কৃতি, ঐতিহ্য, লোকাচার ও খাদ্যাভ্যাসকে বিশ্বমঞ্চে তুলে ধরার উদ্যোগ। সেই লক্ষ্যেই শিলিগুড়ির মিলনমোড় ফুটবল গ্রাউন্ডে শুরু হল তিন দিনের ‘MP Deusi Bhailo Mahotsav 2026’। শুক্রবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহোৎসবের উদ্বোধন করেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং (গোলে)। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার উদ্যোগে প্রথমবার আয়োজিত এই উৎসব ঘিরে মিলনমোড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজু বিস্তা, রাজ্যের পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, মন্ত্রী বিশাল লামা, প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, কার্শিয়াংয়ের বিধায়ক, দার্জিলিংয়ের জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই মহোৎসব। পাহাড়, তরাই ও ডুয়ার্সের মানুষকে এক ছাদের তলায় নিয়ে আসার পাশাপাশি গোর্খা সমাজের সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিজস্ব সাংস্কৃতিক পরিচিতিকে বৃহত্তর পরিসরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকেরা।

তিন দিনের এই উৎসবে থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগীতের আসর। একই মঞ্চে সংগীত পরিবেশন করবেন রাজু লামা অ্যান্ড ব্যান্ড, পূর্ণ রাই অ্যান্ড দাজু-ভাই হারু, দ্য এলিমেন্টস, তৃষ্ণা গুরুং এবং দ্য কল্যাব। প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান। ফলে পাহাড়ি সংগীতের সুরে আগামী তিন দিন জমজমাট হয়ে উঠবে মিলনমোড়।

তবে এবারের মহোৎসবের অন্যতম বড় আকর্ষণ দেউসি-ভাইলো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মোট ২০টি দল। প্রথম স্থানাধিকারী দলকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা, দ্বিতীয় দল পাবে ৩ লক্ষ টাকা এবং তৃতীয় স্থানাধিকারী দলের জন্য থাকছে ২ লক্ষ টাকা পুরস্কার। শুধু বিজয়ী দলগুলিই নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকটি দলকেও আর্থিক সহযোগিতা ও সম্মান জানানোর পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের।

সব মিলিয়ে গান, নাচ, প্রতিযোগিতা ও ঐতিহ্যের মেলবন্ধনে আগামী তিন দিন মিলনমোড়ে চলবে গোর্খা সংস্কৃতির উদযাপন। পাহাড়, তরাই ও ডুয়ার্সের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার পাশাপাশি গোর্খা সমাজের নিজস্ব ঐতিহ্যকে বৃহত্তর পরিচিতি দেওয়াই এই মহোৎসবের মূল বার্তা।

 

— বিজ্ঞাপন —
Advertisement