Friday, November 13, 2026
উত্তরবঙ্গ

গোর্খা সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধনে মিলন মোড়ে তিন দিনের মহোৎসব

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- November 13, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
গোর্খা সংস্কৃতিকে তুলে ধরতে সেজে উঠেছে মিলন মোড় ফুটবল ময়দান

শিলিগুড়ি: গোর্খা সমাজের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও খাদ্যসংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে বিশেষ উদ্যোগ। শিলিগুড়ির মিলন মোড় ফুটবল ময়দানে প্রথমবার আয়োজিত হতে চলেছে তিন দিনের ‘সাংসদ দেউসি-ভাইলো মহোৎসব ২০২৬’। আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই মহোৎসব। একদিকে একই মঞ্চে থাকবেন রাজু লামা, পূর্ণ রাই, তৃষ্ণা গুরুং-সহ একাধিক জনপ্রিয় শিল্পী, অন্যদিকে থাকছে ২০টি দলের দেউসি-ভাইলো প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম স্থানাধিকারী দল পাবে ৫ লক্ষ টাকা পুরস্কার।

বৃহস্পতিবার মিলন মোড় ফুটবল ময়দানে সাংবাদিক বৈঠক করে এই মহোৎসবের কর্মসূচি ঘোষণা করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। তিনি জানান, গোর্খা সমাজের সমৃদ্ধ ইতিহাস, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি পাহাড়, তরাই ও ডুয়ার্সের মানুষকে একই সাংস্কৃতিক মঞ্চে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

১৩ নভেম্বর বিকেল ৫টা থেকে শুরু হবে মহোৎসবের প্রথম দিনের অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে সিকিমের মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি পাহাড়ের একাধিক নেতা ও মন্ত্রীরাও যোগ দেবেন। ১৪ নভেম্বর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ১৫ নভেম্বর থাকছে সমাপনী অনুষ্ঠান ও একাধিক সাংস্কৃতিক আয়োজন।

তবে এবারের মহোৎসবের অন্যতম বড় আকর্ষণ সংগীতের আসর। একই মঞ্চে সংগীত পরিবেশন করবেন রাজু লামা ও তাঁর দল, পূর্ণ রাই ও তাঁর দল, দ্য এলিমেন্টস, তৃষ্ণা গুরুং এবং দ্য কল্যাব। প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান। ফলে পাহাড়ের পাশাপাশি শিলিগুড়ি ও সমতলের সংগীতপ্রেমীদের ভিড় জমবে বলে আশা আয়োজকদের।

এদিকে, মহোৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ঐতিহ্যবাহী দেউসি-ভাইলো প্রতিযোগিতা। মোট ২০টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রথম স্থানাধিকারী দলকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা, দ্বিতীয় দল পাবে ৩ লক্ষ টাকা এবং তৃতীয় স্থানাধিকারী দল পাবে ২ লক্ষ টাকা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাকি দলগুলিকেও আর্থিক সহযোগিতা ও সম্মান জানানো হবে বলে জানিয়েছেন সাংসদ।

রাজু বিস্তার বক্তব্য, গোর্খা সমাজের নিজস্ব পরিচিতি, ইতিহাস, খাদ্যাভ্যাস ও সংস্কৃতিকে বৃহত্তর সমাজের সামনে তুলে ধরার পাশাপাশি যুবসমাজকে নিজেদের শিকড়ের সঙ্গে পরিচিত করানো প্রয়োজন। সেই ভাবনা থেকেই এই মহোৎসবের আয়োজন। পাহাড়, তরাই ও ডুয়ার্সের সর্বস্তরের মানুষকে উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

আয়োজকদের পরিকল্পনা, আগামী বছরগুলিতেও ধারাবাহিকভাবে এই মহোৎসবের আয়োজন করা হবে। সব মিলিয়ে তিন দিন ধরে মিলন মোড়ে গোর্খা সংস্কৃতি, ঐতিহ্য, সংগীত ও খাবার-দাবারের এক বর্ণময় উৎসবের অপেক্ষায় শিলিগুড়ি।


 

— বিজ্ঞাপন —
Advertisement