Thursday, November 12, 2026
উত্তরবঙ্গ

মিলন মোড়ে পরিত্যক্ত ট্রলি ব্যাগ ঘিরে আতঙ্ক! বিএড কলেজের সামনে পড়ে থাকা ব্যাগ ঘিরে চাঞ্চল্য, তল্লাশিতে মিলল জামাকাপড় ও ব্যাঙ্কের পাসবই

Published by স্মৃতি মণ্ডল |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- November 12, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বিএড কলেজের সামনে পড়ে থাকা ট্রলি ব্যাগ ঘিরে চাঞ্চল্য, তল্লাশিতে মিলল জামাকাপড় ও ব্যাঙ্কের পাসবই

শিলিগুড়ি: জনবহুল এলাকার রাস্তার ধারে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ট্রলি ব্যাগ ঘিরে বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ির মিলন মোড় সংলগ্ন কড়াইবাড়ি এলাকায়। বিএড কলেজের ঠিক সামনে দীর্ঘক্ষণ ধরে ব্যাগটি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কোনও অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় খবর দেওয়া হয় প্রধাননগর থানায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি খুলে তল্লাশি চালাতেই স্বস্তি ফেরে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকেই রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় ট্রলি ব্যাগটি। দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও ব্যাগের মালিকের কোনও খোঁজ না মেলায় সন্দেহ বাড়তে থাকে। এরপর সকাল আনুমানিক ৬টা নাগাদ বিষয়টি প্রধাননগর থানার পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে সকাল প্রায় ৯টা ২৫ মিনিট নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রথমে ব্যাগটি পর্যবেক্ষণ করার পর সেটি খুলে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভিতরে কী রয়েছে, তা নিয়ে ততক্ষণে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। তবে তল্লাশিতে ব্যাগের ভিতর থেকে কয়েকটি জামাকাপড় এবং একটি ব্যাঙ্কের পাসবই উদ্ধার হয়। কোনও বিস্ফোরক বা সন্দেহজনক সামগ্রী মেলেনি বলে জানা গিয়েছে।

পুলিশের তল্লাশিতে বিপজ্জনক কিছু না মেলায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দারা। তবে কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ব্যাগটির মালিকের পরিচয় এবং সেটি সেখানে ফেলে যাওয়ার কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

— বিজ্ঞাপন —
Advertisement