শিলিগুড়ি: অ্যাম্বুল্যান্সকে হাতিয়ার করেই চলছিল বিদেশি মদ পাচারের কারবার! সাধারণ মানুষের নজর এড়াতে বিশেষভাবে সাজানো অ্যাম্বুল্যান্সে চাপিয়ে বিপুল পরিমাণ শুল্কবিহীন বিদেশি মদ পাচারের চেষ্টা বানচাল করল দার্জিলিং জেলা আবগারি দফতর। ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসে অভিযান চালিয়ে একটি অ্যাম্বুল্যান্স থেকে উদ্ধার হল ১০৯ কার্টন বিদেশি মদ। উদ্ধার হওয়া মদের পরিমাণ ৯৮১ লিটার। যার আনুমানিক বাজারমূল্য ২৪ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা। অ্যাম্বুল্যান্স-সহ বাজেয়াপ্ত সামগ্রীর মোট মূল্য প্রায় ৩২ লক্ষ ৫২ হাজার ৫০০ টাকা।
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং জেলার সুপারিনটেনডেন্ট অফ এক্সাইজের কাছে নির্দিষ্ট সূত্রে খবর আসে, একটি অ্যাম্বুল্যান্সে করে বিপুল পরিমাণ শুল্কবিহীন বিদেশি মদ পাচার করা হচ্ছে। সেই খবরের ভিত্তিতে নকশালবাড়ি আবগারি স্টেশনের ওসির নেতৃত্বে শুরু হয় নজরদারি। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধানে দীর্ঘক্ষণ অনুসরণের পর গত ১১ নভেম্বর ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ফুলবাড়ি-ঘোষপুকুর বাইপাসে বিআর ০১ পিএস ৮৮৬৩ নম্বরের একটি বিশেষভাবে সাজানো অ্যাম্বুল্যান্স আটক করা হয়।
এরপর গাড়িতে তল্লাশি চালাতেই সামনে আসে পাচারের অভিনব কৌশল। অ্যাম্বুল্যান্সের ভিতর থেকে উদ্ধার হয় ১০৯ কার্টন বিদেশি মদ। যার মধ্যে ছিল গ্রিন লেবেল হুইস্কি এবং ম্যাজিক মোমেন্টস গ্রেন ভদকা। উদ্ধার হওয়া প্রতিটি বোতলে ‘ফর সেল ইন সিকিম অনলি’ লেখা ছিল। অর্থাৎ, সিকিমে বিক্রির জন্য নির্ধারিত মদ অন্যত্র পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান আবগারি আধিকারিকদের।
তবে অভিযান চলাকালীন অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় গাড়ির চালক। তার সন্ধানে তল্লাশি শুরু করেছে আবগারি দফতর। ইতিমধ্যেই বেঙ্গল এক্সাইজ অ্যাক্ট, ১৯০৯-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এই পাচারচক্রের পিছনে আর কারা রয়েছে এবং কোথা থেকে এই মদ নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আবগারি দফতরের প্রাথমিক অনুমান, অবৈধ মদের কারবারে নজরদারি বাড়তেই পাচারকারীরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। সাধারণ গাড়ির পরিবর্তে অ্যাম্বুল্যান্সের মতো জরুরি পরিষেবার গাড়িকে ব্যবহার করে প্রশাসনের নজর এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে এই ধরনের পাচার রুখতে আগামী দিনেও নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে দার্জিলিং জেলা আবগারি দফতর।