Monday, November 2, 2026
জেলা

দূরের স্কুলে যাতায়াতে এবার সঙ্গী সাইকেল, সারথী প্রকল্পে উপকৃত ৩৪৩ পড়ুয়া

Published by Newz4 Admin |
Piu Nandi Posted by Piu Nandi
- September 30, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
দূরের স্কুলে যাতায়াতে এবার সঙ্গী সাইকেল, সারথী প্রকল্পে উপকৃত ৩৪৩ পড়ুয়া

পুরুলিয়া, পিউ নন্দী: বাড়ি থেকে স্কুলের দূরত্ব যতই হোক, পড়াশোনার পথে যাতে যাতায়াত বাধা হয়ে না দাঁড়ায়, সেই লক্ষ্যেই পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হলো নতুন সাইকেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘সারথী’ প্রকল্পের আওতায় মঙ্গলবার বলরামপুরে শুরু হলো সাইকেল বিতরণ কর্মসূচি।

 

বলরামপুর উন্নয়ন ব্লক প্রশাসনের উদ্যোগে বিডিও অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জলধর মাহাতো। তাঁর হাত দিয়েই প্রথম পর্যায়ে দুই স্কুলের ৩৪৩ জন পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয় নতুন সাইকেল।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাগমা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং পতিডি চণ্ডীতলা শিক্ষা নিকেতনের পড়ুয়ারা এদিন প্রকল্পের সুবিধা পেয়েছে। ব্লকের আরও বিভিন্ন স্কুলের পড়ুয়াদের পর্যায়ক্রমে সাইকেল দেওয়া হবে বলে জানানো হয়েছে।

 

বিশেষ করে যে সমস্ত পড়ুয়ার বাড়ি স্কুল থেকে তুলনামূলক দূরে, তাদের কাছে এই সাইকেল কতটা গুরুত্বপূর্ণ, তা এদিনের অনুষ্ঠানে পড়ুয়াদের কথাতেই স্পষ্ট। স্কুলে পৌঁছনোর সময় কমার পাশাপাশি টিউশন এবং অন্যান্য শিক্ষামূলক কাজে যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা হবে বলে জানিয়েছে পড়ুয়ারা।

 

পতিডি স্কুলের ছাত্রী অঞ্জলি দত্ত জানায়, আগে বাড়ি থেকে স্কুলে যেতে প্রায় ১৫ মিনিট সময় লাগত। সাইকেল পাওয়ার ফলে এখন সেই যাতায়াত আরও সহজ হবে। একইসঙ্গে টিউশনে যাতায়াতের ক্ষেত্রেও সুবিধা মিলবে।

আর এক পড়ুয়া সুমন মণ্ডল নতুন সাইকেলের গুণমান ও ফিনিশিং নিয়েও সন্তোষ প্রকাশ করে। তাঁর কথায়, দূরের বাড়ি থেকে আসা পড়ুয়াদের কাছে এই সাইকেল শুধু যাতায়াতের মাধ্যম নয়, সময়মতো স্কুল ও টিউশনে পৌঁছনোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

 

বিধায়ক জলধর মাহাতো জানান, এদিনের কর্মসূচি কেবল শুরু। আগামী দিনে ব্লকের অন্যান্য স্কুলের যোগ্য পড়ুয়াদেরও এই প্রকল্পের আওতায় আনা হবে। ফলে ধাপে ধাপে আরও পড়ুয়ার হাতে পৌঁছবে ‘সারথী’-র সাইকেল।

— বিজ্ঞাপন —
Advertisement