Sunday, November 1, 2026
জেলা

চোরাশিকার রুখতে জলদাপাড়ায় কড়া নজরদারি, ড্রোন থেকে স্নিফার ডগ বহুমুখী নিরাপত্তা অভিযানে বন দফতর

Published by টুম্পা ব্যাণার্জী |
অনন্যা দে Posted by অনন্যা দে
- November 01, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
চোরাশিকার ও বন্যপ্রাণী পাচার রুখতে তৎপর বনবিভাগ

অনন্যা দে, আলিপুরদুয়ার, ১ নভেম্বর: জলদাপাড়া জাতীয় উদ্যানে চোরাশিকার ও বন্যপ্রাণী পাচার রুখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করল জলদাপাড়া বন্যপ্রাণ বিভাগ। জঙ্গলের স্পর্শকাতর এলাকা এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে শুরু হয়েছে বহুমুখী নজরদারি ও টহলদারি অভিযান।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, এই অভিযানের আওতায় চলছে এরিয়া ডমিনেশন এক্সারসাইজ, রুট মার্চ, রাতের টহল এবং পায়ে হেঁটে নিবিড় নজরদারি। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাহায্যে ড্রোনের মাধ্যমে জঙ্গলের বিভিন্ন এলাকায় নজর রাখা হচ্ছে। আকাশপথে ড্রোনের নজরদারি বনাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য পেতে সাহায্য করছে।

এই অভিযানে যৌথভাবে কাজ করছে র‍্যাপিড রেসপন্স টিম (RRT), স্পেশাল আর্মড পুলিশ (SAP), বন দফতরের সামনের সারির কর্মী এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াড। জঙ্গলের পাশাপাশি বনাঞ্চলে প্রবেশের গুরুত্বপূর্ণ পথগুলিতেও বাড়ানো হয়েছে নজরদারি।

চিলাপাতা ও কোদালবস্তি বন চেকপোস্টে প্রশিক্ষিত স্নিফার ডগ নিয়ে বিশেষ নাকা চেকিং চালানো হয়েছে। এছাড়াও নিমতি আউটপোস্ট সংলগ্ন এলাকায় যানবাহনে তল্লাশি চালানো হয়। বন দফতরের এই বহুমুখী উদ্যোগের মূল লক্ষ্য, চোরাশিকারিদের গতিবিধি রোধ করা এবং জলদাপাড়ার মূল্যবান বন্যপ্রাণ ও বনসম্পদ সুরক্ষিত রাখা।

— বিজ্ঞাপন —
Advertisement