Monday, November 2, 2026
জেলা

২৭ দিনের ধর্না প্রত্যাহার বক্সার ১৮ গ্রামের, কিছু দাবি মেনে নিল প্রশাসন

Published by স্মৃতি মণ্ডল |
অনন্যা দে Posted by অনন্যা দে
- November 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
বক্সায় ২৭ দিনের ধর্না প্রত্যাহার

আলিপুরদুয়ার, ২ নভেম্বর:অরণ্যের অধিকার আইন কার্যকর করা-সহ নয় দফা দাবিতে টানা ২৭ দিন ধরে রাজাভাতখাওয়া চেকপোস্টের পাশে চলা ধর্না আপাতত প্রত্যাহারের সিদ্ধান্ত নিল বক্সার ১৮ গ্রামের যৌথ সংগ্রামী মঞ্চ। রবিবার ডুয়ার্সকন্যায় প্রায় চার ঘণ্টার ম্যারাথন বৈঠকে কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আন্দোলনে সাময়িক বিরতি দেওয়ার সিদ্ধান্ত নেন বনবস্তিবাসীরা।

বৈঠকে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মনোজ কুমার ওরাওঁ, প্রতিমন্ত্রী বিশাল লামা, সাংসদ মনোজ টিগ্গা, দুই বিধায়ক-সহ জেলা প্রশাসন ও বন দফতরের আধিকারিকরা।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত জয়ন্তী থেকে জিপ সাফারি চালুর অনুমতি দেওয়া হবে। জয়ন্তীর কাউন্টার থেকেই মিলবে টিকিট। হোমস্টেতে রাত্রিবাসের ক্ষেত্রেও আপত্তি করবে না বন দফতর। পাশাপাশি বক্সা পাহাড়ের বাসিন্দা ও তাঁদের আত্মীয়দের কাছ থেকে প্রবেশমূল্য নেওয়া হবে না। তবে বন্যপ্রাণীদের নিরাপত্তার স্বার্থে রাজাভাতখাওয়া চেকপোস্ট বহাল থাকবে।

২০০৬ সালের অরণ্যের অধিকার আইন কার্যকর করার বিষয়টি খতিয়ে দেখতে জেলাশাসক ময়ূরী বসুর নেতৃত্বে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী। ১৮ থেকে ২৩ নভেম্বরের মধ্যে কমিটির প্রথম বৈঠক হবে।

মঞ্চের নেতা অয়ন নাইডু জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চলবে। বৃহত্তর স্বার্থে আপাতত ধর্না প্রত্যাহার করা হলেও আন্দোলন থেকে সরে আসছেন না তাঁরা।

— বিজ্ঞাপন —
Advertisement