Monday, November 2, 2026
জেলা

পালাবদলের পর প্রথম ছটপুজো, সাহেব বাঁধে নিরাপত্তা ও পরিষেবা নিশ্চিত করতে তৎপর প্রশাসন

Published by Newz4 Admin |
পিউ নন্দী Posted by পিউ নন্দী
- November 02, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
সাহেব বাঁধ পরিদর্শনে মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকরা

পিউ নন্দী, পুরুলিয়া: পালাবদলের পর পুরুলিয়া জেলায় প্রথম ছটপুজো। আর সেই উৎসবকে কেন্দ্র করে কোনওরকম খামতি রাখতে চাইছে না জেলা প্রশাসন। বিশেষ করে পুরুলিয়া শহরের ঐতিহ্যবাহী সাহেব বাঁধে প্রতি বছর ছটপুজো উপলক্ষে হাজার হাজার মানুষের সমাগম হয়। তাই উৎসবের আগে থেকেই নিরাপত্তা ও পরিকাঠামোগত প্রস্তুতিতে বাড়তি গুরুত্ব দিচ্ছে প্রশাসন।

ছটপুজো একেবারে দোরগোড়ায়। তার আগে সোমবার পুরুলিয়ায় আসেন রাজ্যের আদিবাসী কল্যাণমন্ত্রী ক্ষুদিরাম টুডু। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবার পুরুলিয়ায় ছটপুজোর প্রস্তুতি ও ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে।

পুরুলিয়া শহরের সার্কিট হাউসে প্রথমে জেলা প্রশাসনের আধিকারিক ও বিধায়কদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। সেখানে ছটপুজোকে কেন্দ্র করে নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোর ব্যবস্থা এবং পুণ্যার্থীদের সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা হয়। এরপর তিনি সাহেব বাঁধ পরিদর্শন করেন।

উৎসবের দিন বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে সাহেব বাঁধ চত্বর কড়া নিরাপত্তার আওতায় রাখার পাশাপাশি প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। ছটব্রতীদের যাতে কোনও অসুবিধার মুখে পড়তে না হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা জানান তিনি।সব মিলিয়ে, নতুন সরকারের আমলে পুরুলিয়ার প্রথম ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে।

— বিজ্ঞাপন —
Advertisement