অনন্যা দে, আলিপুরদুয়ার, ২ নভেম্বর: সোমবার সাতসকালে বক্সা ব্যাঘ্র প্রকল্পের চেকো বিটের হস্তি শালায় ঘটে গেল দুর্ঘটনা। আচমকাই মেজাজ হারিয়ে নিজের পাতাওয়ালার উপর হামলা চালাল কুনকি হাতি চন্দন। হাতির আক্রমণে গুরুতর জখম হলেন পাতাওয়ালা হীরা রাভা।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হস্তি শালায় কাজ চলাকালীন আচমকাই উত্তেজিত হয়ে ওঠে চন্দন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সে পিছন থেকে পাতাওয়ালা হীরা রাভাকে আক্রমণ করে। তাঁকে মাটিতে ফেলে পিষে মারার চেষ্টা করে হাতিটি। এই ঘটনায় গুরুতর জখম হন হীরা। তাঁর স্পাইনাল কর্ড ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশাপাশি বুকের একাধিক পাঁজরের হাড়ও ভেঙে গিয়েছে।
দ্রুত তাঁকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের অস্থি বিশেষজ্ঞ অনিন্দ্য সাহা জানান, হাতির দাঁতের আঘাতে হীরার স্পাইনাল কর্ড অনেকটাই ক্ষতিগ্রস্থ হয়েছে। পাঁজরের একাধিক হাড়ও ভেঙেছে। আপাতত তাঁকে স্থিতিশীল করার চেষ্টা চলছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হতে পারে।
ঘটনার পরই সতর্ক হয়েছে বন দফতর। চন্দন নামের কুনকি হাতিটিকে আপাতত সমস্ত কাজ থেকে অব্যাহতি দিয়ে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে। কী কারণে হাতিটি আচমকা এমন আক্রমণাত্মক হয়ে উঠল, তা খতিয়ে দেখা হচ্ছে।