পূর্ব বর্ধমান: বর্ধমানে এসে বিরোধীদের একযোগে কড়া ভাষায় আক্রমণ শানালেন উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। নাম না করে তৃণমূল নেত্রীকে নিশানা করে তিনি বলেন, "কালীঘাটের বাড়ি থেকে বেরোতে না পেরে একজন সোজা রামলীলা ময়দানে ছুটছেন। কিন্তু ওঁর লীলা যে সাঙ্গ হয়ে গেছে, সেটা বোধহয় উনি এখনও বুঝে উঠতে পারছেন না।" ২০১৪ সালে শুরু হওয়া বিজেপির অশ্বমেধের ঘোড়া অবশেষে বাংলার মাটিতেও জয়পতাকা উড়িয়েছে দাবি করে তিনি বলেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম এখন একটাই জয়গাথা চলছে, আর তা হল নরেন্দ্র মোদীর পদ্মফুলের জয়গাথা।
হতাশ বিরোধীরা দেশকে অস্থিতিশীল করার বিপজ্জনক খেলায় মেতেছে অভিযোগ তুলে মন্ত্রী বলেন, বিরোধীরা তাদের গোপন নকশা আর লুকিয়ে রাখতে পারছে না। খোদ তাদের প্রধান আইনি পরামর্শদাতা প্রশান্ত ভূষণ সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিচ্ছেন যে তাঁদের আসল লক্ষ্য ‘রেজিম চেঞ্জ’ বা ক্ষমতার হস্তান্তর।
‘বাংলাদেশি মডেলে দেশকে অস্থির করার দিবাস্বপ্ন সফল হবে না’
দিল্লিতে আন্দোলন প্রসঙ্গে বিরোধীদের এক নতুন নেত্রীকে একহাত নেন জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, "দিল্লির বুকে অস্থিরতা তৈরি করতে গিয়ে বিরোধীদের এক নতুন নেত্রী বলছেন তাঁরা নাকি বাংলাদেশ থেকে উৎসাহ পাচ্ছেন। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আপনার এই দিবাস্বপ্ন কখনও বাস্তবায়িত হবে না।" ২০১১ সাল থেকে লড়াই করে বিজেপি বাংলাকে ‘পশ্চিম বাংলাদেশ’ হওয়া থেকে রক্ষা করেছে দাবি করে তিনি হুঁশিয়ারি দেন, একজনও বাঙালি যুব কার্যকর্তা বেঁচে থাকতে বাংলাদেশের অনুপ্রেরণায় ভারতে কোনও আন্দোলন সফল হতে দেওয়া হবে না। তাঁর কথায়, ২০১১ থেকে ২০২৬ পর্যন্ত বাংলার মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশের স্লোগান ও মডেলে সরকার চললে বাঙালিদের ওপর কী অবর্ণনীয় অত্যাচার নেমে আসে। ভোটে জিততে না পেরে বিরোধীরা এখন দেশে অরাজকতা তৈরির চক্রান্ত করছে।
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘দশে দশ’
নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীদের ইমপিচমেন্ট আনার দাবি এবং ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেওয়ার অভিযোগকে তীব্র কটাক্ষ করেন মন্ত্রী। তিনি স্মরণ করিয়ে দেন, মৃত, স্থানান্তরিত ও অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি বিরোধীদের বহু পুরোনো। ২০০৫ সালে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও লোকসভার ডেপুটি স্পিকারের দিকে অনুপ্রবেশকারীদের তালিকার কাগজ ছুড়ে মেরেছিলেন।
জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যখন সেই ঐতিহাসিক কাজটি করে দেখালেন, তখন বিরোধীদের এত গায়ে লাগছে কেন? কোন দল মৃত, স্থানান্তরিত আর বাংলাদেশি ভোটারদের ওপর ভর করে জিততে চায়? বিরোধীরা আসলে বুথে ‘ভূতের ভোটে’ জিততে চেয়েছিল।"
তিনি আরও যোগ করেন, নির্বাচন কমিশনার ভোটার তালিকা ও বুথ থেকে ভূত তাড়িয়েছেন বলেই সনাতনী বাঙালি নিজের ভোট নিজে দিতে পেরেছে এবং রাজ্যে ‘সনাতনের সরকার’ ও মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে প্রতিষ্ঠা করেছে। সিপিএম ও তৃণমূলের আমলের ভোট চুরির সংস্কৃতি মুছে দিয়ে ২০২৬ সালে সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার জন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পূর্ণ নম্বর অর্থাৎ ‘দশে দশ’ দেন তিনি।