Saturday, October 31, 2026
উত্তরবঙ্গ

একি কাণ্ড!ঝাড়ফুঁকের নাম করে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

Published by Newz4 Admin |
দেবিকা দত্ত Posted by দেবিকা দত্ত
- October 08, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
একি কাণ্ড!ঝাড়ফুঁকের নাম করে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, গ্রেফতার ১

 

দেবিকা দত্ত:শিলিগুড়ি: ঝাড়ফুঁকের নাম করে এক যুবতীকে নিজের ভাড়া বাড়িতে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির মধ্য শান্তিনগর এলাকায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম সোমনাথ বারুই।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্য শান্তিনগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন সোমনাথ। অভিযোগ, বুধবার বিভিন্ন অছিলায় এক যুবতী এবং তাঁর মাকে নিজের ভাড়া বাড়িতে নিয়ে যান তিনি। পরে ঝাড়ফুঁক করার কথা বলে যুবতীকে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়। তাঁর মাকে বাইরে অপেক্ষা করতে বলা হয়েছিল বলে অভিযোগ।

যুবতীর অভিযোগ, ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পর তাঁর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করেন অভিযুক্ত। পরিস্থিতি বুঝতে পেরে কোনও রকমে সেখান থেকে বেরিয়ে বাড়ির বাইরে দৌড়ে পালান তিনি। পরে পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দাদের কাছে গোটা বিষয়টি জানান।

ঘটনার কথা ছড়িয়ে পড়তেই এলাকায় ক্ষোভ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটক করে মারধর করেন বলেও অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আশিঘর ফাঁড়ির পুলিশ। অভিযুক্তকে আটক করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

পরে আশিঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন ওই যুবতী। সেই অভিযোগের ভিত্তিতে সোমনাথকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।

— বিজ্ঞাপন —
Advertisement