বীণা নন্দী দাস, পশ্চিম মেদিনীপুর:সোমবার সন্ধ্যায় ডেবরাতে বিজেপির নেতা কর্মীদের হাতে আক্রান্ত বিধায়ক শুভাশিস ওম।পুরো বিষয়টি খতিয়ে দেখতে হাসপাতালে আসেন জেলা সভাপতি তন্ময় দাস। বিষয়টি জানা নেই জবাব দেন জেলা সভাপতি।অপরদিকে জেলা সভাপতির কয়েকজন আহত হয়েছে বলেও সূত্রের খবর।
সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরার ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। দুর্নীতি এবং তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েই আক্রান্ত হয়েছেন বলে দাবি ডেবরা বিধানসভার বিজেপি বিধায়ক শুভাশীষ ওম এর। তার অভিযোগ তার দলের কর্মীরাই তাকে হেনস্থা করে মারধর করেছে। সেই মুহুর্তে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে মাথায় ব্যান্ডেজ নিয়ে ভর্তি হন বিজেপি বিধায়ক।
অপরদিকে এই ঘটনার পরেই ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালের হাজির হন বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস।তিনি জানান এই ধরনের ঘটনা আমার জানা নেই। হাসপাতালে দেখলাম তিনি সুস্থ রয়েছেন। তবে দলের কিছু থাকলে সেটা প্রকাশ্যে না এনে নিজেদের মধ্যে আভ্যন্তরীণ আলোচনা করাটাই উচিত বলে মনে করি। সম্পূর্ণ বিষয়টা রাজ্য নেতৃত্বকে জানানো হয়েছে।
সূত্রের খবর যারা বিধায়কের ওপর হামলা চালিয়েছে তারা জেলা সভাপতি তন্ময় দাস ঘনিষ্ঠ। অপরদিকে জেলা সভাপতির বেশ কয়েকজন মার খেয়েছে বলেও জানা গিয়েছে। সব মিলিয়ে অবশেষে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্তরও উত্তপ্ত হয়ে ওঠে।পরিস্থিতি সামাল দিতে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হয় ডেবরা এস ডি পি ও এবং ডেবরা থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী। তারপরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে। তবে এই ঘটনায় থানায় অভিযোগের কোন তথ্য সামনে আসেনি।
বেশ কয়েকজন দলীয় কর্মী আহত অবস্থায় ভর্তি হয়েছিলেন ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে, প্রাথমিক চিকিৎসার পর অনেককেই ছেড়ে দেওয়া হয়। তবে বিধায়ক শুভাশিস ওমকে মেদিনীপুরে হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
তবে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী সংঘর্ষ ও দলীয় কর্মীদের হাতে বিধায়কের মার খাওয়ার ঘটনায় রাজনৈতিক মহলে উঠেছে নিন্দার ঝড়।