অনন্যা দে, আলিপুরদুয়ার, ৫ নভেম্বর: আদালতে পেশ করার সময় তৃণমূলের প্রাক্তন জেলা নেতা সঞ্জীব ধরকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল আলিপুরদুয়ার আদালত চত্বরে। বৃহস্পতিবার আদালতে সঞ্জীব ধরকে নিয়ে আসতেই তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করেন সেখানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ। পাশাপাশি ‘চোর চোর’ স্লোগানেও উত্তাল হয়ে ওঠে গোটা আদালত চত্বর।
উল্লেখ্য, বুধবার রাতেই পুলিশ গ্রেফতার করে তৃণমূলের প্রাক্তন জেলা নেতা সঞ্জীব ধরকে। তাঁর বিরুদ্ধে হুমকি প্রদর্শন, প্রভাব খাটিয়ে টাকা আদায়-সহ একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
বৃহস্পতিবার পুলিশি নিরাপত্তায় তাঁকে আদালতে পেশ করতে নিয়ে আসা হয়। সেই সময় আদালত চত্বরে আগে থেকেই ভিড় জমিয়েছিলেন বিজেপি কর্মী-সমর্থকরা। সঞ্জীব ধরকে দেখতে পেয়েই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া শুরু হয়। একই সঙ্গে চলে চোর চোর স্লোগান। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয় আদালত চত্বরে। পরিস্থিতি সামাল দিতে তৎপর হন পুলিশকর্মীরা।