Wednesday, November 11, 2026
রাজনীতি

পাত্রসায়েরে হামলার প্রতিবাদে ফুঁসছে কংগ্রেস, বিজেপিকে নিশানা অভিষেক বিশ্বাসের, এসপি-কে ডেপুটেশনের ডাক

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- November 10, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা

 মহম্মদ শাহজাহান আনসারী, বাঁকুড়া: পাত্রসায়েরে জাতীয় কংগ্রেসের ‘ভোট বাঁচাও’ কর্মসূচীতে হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বাঁকুড়ায় একটি সাংবাদিক সম্মেলন করলেন জেলা কংগ্রেস সভাপতি অভিষেক বিশ্বাস। এই সম্মেলন থেকে তিনি পুরো ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বাঁকুড়া জেলা পুলিশ সুপারকে (SP) ডেপুটেশন দেওয়ার কথাও ঘোষণা করেন।

উল্লেখ্য, সম্প্রতি পাত্রসায়েরে কংগ্রেসের ‘ভোট বাঁচাও’ কর্মসূচী চলাকালীন একদল দুষ্কৃতী লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলার পাশাপাশি বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে একটি ঘরের ভেতর জোরপূর্বক আটকে রাখা হয়। পরবর্তীতে পাত্রসায়ের থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক কর্মীদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।

এদিনের সাংবাদিক সম্মেলনে অভিষেক বিশ্বাস এই ঘটনাকে সরাসরি গণতন্ত্রের ওপর আঘাত বলে অভিহিত করেন। ঘটনার নেপথ্যে বিজেপিকে দায়ী করে তিনি অভিযোগ করেন, “শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচীতে যেভাবে লাঠিসোটা নিয়ে তাণ্ডব চালানো হয়েছে এবং আমাদের কর্মীদের আটকে রাখা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মানুষের সমর্থন হারিয়ে এবং পরাজয়ের ভয়েই বিরোধীদের কণ্ঠরোধ করতে এই ধরণের কাপুরুষোচিত হামলা চালানো হচ্ছে।”

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি আরও জানান যে, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবিতে খুব শীঘ্রই দলের পক্ষ থেকে বাঁকুড়া জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হবে। এই ধরণের হিংসাত্মক রাজনীতি করে কংগ্রেসের কর্মীদের দমিয়ে রাখা যাবে না বলেও স্পষ্ট জানান তিনি। পাশাপাশি, দ্রুত অভিযুক্তরা গ্রেফতার না হলে আগামী দিনে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বাঁকুড়া জেলা কংগ্রেস নেতৃত্ব।

— বিজ্ঞাপন —
Advertisement