Saturday, October 31, 2026
জেলা

গড়বেতা জনসভা থেকে একযোগে সিপিএম ও তৃণমূলকে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Published by টুম্পা ব্যাণার্জী |
বীনা নন্দী দাস Posted by বীনা নন্দী দাস
- October 31, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
নন্দীগ্রাম-পর্বের ‘ফাইল’ খোলার হুঁশিয়ারি শুভেন্দু

বীণা নন্দী দাস,পশ্চিম মেদিনীপুর: তপন ঘোষকে গ্রেফতারের নির্দেশ শুভেন্দু অধিকারীর, নন্দীগ্রাম-পর্বের ‘ফাইল’ খোলার হুঁশিয়ারি।
শনিবার বিকেলে গড়বেতার জনসভা থেকে রাজনৈতিক প্রতিপক্ষকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিপিআইএম নেতা তপন ঘোষকে খুঁজে বের করে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার পাশাপাশি নন্দীগ্রাম-পর্বে যাঁরা যুক্ত ছিলেন, তাঁদের কাউকেই রেয়াত করা হবে না বলে হুঁশিয়ারি দিলেন তিনি। একই সঙ্গে আগামী পৌরসভা নির্বাচনে বিজেপির ভালো ফলের আশাও প্রকাশ করেন বিরোধী দলনেতা।

এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, গড়বেতার মানুষ দ্বিতীয় স্বাধীনতার আনন্দ উপভোগ করছেন। ২০২৪ সালে ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণত টুডুর উপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সেই ঘটনার এফআইআর কপি চেয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ভোট-পরবর্তী হিংসার ঘটনায় যাঁরা এখনও গ্রেফতার হননি, তাঁদের অবিলম্বে গ্রেফতারের জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেন তিনি।

এছাড়াও চন্দ্রকোনা রোডে তাঁর উপর অতীতে হওয়া হামলার প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু। তিনি বলেন, পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনা রোডে তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা হয়েছিল। সেই রাতের কথা তিনি ভোলেননি। সারারাত তাঁকে পুলিশ ফাঁড়িতে বসে থাকতে হয়েছিল বলেও দাবি করেন তিনি।

সিপিএম নেতা মহম্মদ সেলিমের সাম্প্রতিক বক্তব্যের জবাব দিতে গিয়ে শুভেন্দু বলেন, গড়বেতা থেকে যাঁরা নন্দীগ্রামে লড়াই করতে গিয়েছিলেন, তাঁদের কাউকেই ছাড়া হবে না। চন্দ্রকোনা রোডে এসে সুশান্ত ঘোষের উপস্থিতিতেই সভা করার কথাও উল্লেখ করেন তিনি। এলাকায় নতুন করে সন্ত্রাসের চেষ্টা হলে সাধারণ মানুষকে তা প্রতিহত করার আহ্বান জানান।

রাজ্য ও কেন্দ্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে শুভেন্দু বলেন, বাংলায় উন্নয়নের কাজ চললেও দিল্লিতে রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বামেদের রাজনৈতিক ঘনিষ্ঠতা নিয়েও কটাক্ষ করেন তিনি।

জনসভা থেকে একাধিক উন্নয়নমূলক প্রতিশ্রুতিও দেন শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, জঙ্গলমহলের প্রান্তিক পরিবারের মানুষ যাতে বছরে ১০০ দিনের কাজের সুযোগ পান, তার ব্যবস্থা করা হবে। লোকশিল্পীদের মাধ্যমে গ্রামে গ্রামে গিয়ে সরকারের উন্নয়নমূলক কাজের প্রচার করা হবে।

তিনি দাবি করেন, ১ কোটি ৬৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাঠানো হয়েছে। আগামী জানুয়ারি মাসে আরও ২০ লক্ষ পরিবার আবাস যোজনার বাড়ি পাবে। আবাস ও ১০০ দিনের কাজের টাকা যাঁরা আত্মসাৎ করেছেন, তাঁদের কাছ থেকে সেই টাকা আদায় করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বালির দাম বৃদ্ধি, পুলিশি হয়রানি এবং কর্মসংস্থানের প্রসঙ্গেও বক্তব্য রাখেন শুভেন্দু। তিনি জানান, মহালয়ার দিন ১১ হাজার কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। আগামী দিনে ৩৫ হাজার শিক্ষক-শিক্ষিকা নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ৮ মে-র মধ্যে এসসি, এসটি ও ওবিসি সম্প্রদায়ের মর্যাদা বজায় রেখে এক লক্ষ নিয়োগের কথাও ঘোষণা করেন তিনি। তাঁর দাবি, ৮৪ লক্ষ মানুষ অতিরিক্ত ৫০০ টাকা করে পেয়েছেন। আগামী দিনে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতাও দেওয়া হবে। নতুন করে বার্ধক্য ভাতার আবেদনকারীদের ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেন তিনি।

কৃষকদের উদ্দেশে শুভেন্দু বলেন, আগামী ৫ তারিখে কৃষক সম্মান নিধির টাকা দেওয়া হবে। কৃষকদের বিদ্যুৎ বিলে দুই টাকা ছাড় দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। আলু চাষিদের সমস্যার সমাধান এবং সীমান্তে আলুবোঝাই গাড়ি আটকে দেওয়ার ঘটনা বন্ধ করার আশ্বাস দেন।

গড়বেতার উন্নয়ন নিয়ে একাধিক বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। আগামী বাজেটে গড়বেতাকে মহকুমা হিসেবে ঘোষণা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। খড়গপুর চৌরঙ্গি থেকে গড়বেতা পর্যন্ত চার লেনের রাস্তা নির্মাণ, মা সর্বমঙ্গলা মন্দিরের উন্নয়ন এবং খড়কুশমার জন্য পৃথক উন্নয়ন প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

সভা থেকে গড়বেতার তপন ঘোষকে খুঁজে বের করে জেলে ভরার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেওয়ার কথা বলেন শুভেন্দু। পাশাপাশি রাজনৈতিক হিংসায় যাঁদের পরিবারের প্রিয়জন হারিয়ে গিয়েছেন, তাঁদের জেলাশাসকের কাছে আবেদন জানানোর পরামর্শ দেন তিনি।

গড়বেতার এই জনসভা থেকে রাজনৈতিক আক্রমণ, আইনশৃঙ্খলা নিয়ে হুঁশিয়ারি এবং একাধিক উন্নয়নমূলক প্রতিশ্রুতির মাধ্যমে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের বার্তা দিলেন শুভেন্দু অধিকারী।

— বিজ্ঞাপন —
Advertisement