শিলিগুড়ি, দেবিকা দত্ত : মাদক কেনাবেচার আগেই পুলিশের জালে এক যুবক। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার মাটিগাড়া বাইপাস এলাকায় অভিযান চালিয়ে ৬১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল মাটিগাড়া থানার পুলিশ। ঘটনায় সুমন সাহা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃত মাটিগাড়ার বিশ্বাস কলোনির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে মাটিগাড়া বাইপাস এলাকায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে এক যুবকের উপস্থিতির খবর পান তদন্তকারীরা। এরপরই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহভাজন যুবককে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে ৬১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। এরপর তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, ধৃত সুমন সাহা এর আগেও মাদক পাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিল। এবারও তার বিরুদ্ধে এনডিপিএস আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। রবিবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করার কথা।
এই মাদক কোথা থেকে আনা হয়েছিল, কার কাছে তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল এবং এর পিছনে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। মাদক কারবারের সঙ্গে কোনও বড় চক্রের যোগ রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।