নিউজ ফোর বর্ধমান: গোষ্ঠীদ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের জামালপুরে। এলাকা দখলকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।ঘটনায় জখম হয়েছেন দুই গোষ্ঠীর একাধিক কর্মী। আহতদের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।পরিস্থিতি সামাল দিতে দুই পক্ষের মোট পাঁচজনকে আটক করেছে জামালপুর থানার পুলিশ।
জামালপুর ১ নম্বর মণ্ডলের সভাপতি প্রধান চন্দ্র পাল এবং ওই মণ্ডলেরই সহসভাপতি সুশান্ত মণ্ডলের অনুগামীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে । মণ্ডলের সভানেত্রী দেবিকা দেবনাথও এই বিবাদে এক পক্ষের সঙ্গে রয়েছেন। বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দুই গোষ্ঠীর মধ্যে একাধিকবার অশান্তির ঘটনা ঘটেছে জামালপুরে।
পারাতল-১ অঞ্চলের হিরণ্য গ্রামে এসআইআর-এর প্রতিবাদে যুব কংগ্রেসের একটি মিছিলকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সূত্রপাত।মিছিলের আগেই কংগ্রেস নেতা বুদ্ধদেব ঘোষকে মারধর করা হয় বলে অভিযোগ।জামালপুর পুলমাথার কাছে তাঁর একটি দোকান রয়েছে।পারাতল গ্রামে বাড়ি যাওয়ার পথে প্রধান চন্দ্র পালের অনুগামীরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এরপর যুব কংগ্রেসের মিছিলের পাল্টা হিসেবে বাইক মিছিলের আয়োজন করেন প্রধান চন্দ্র পাল।অভিযোগ, পারাতল থেকে উত্তর মোহনপুর যাওয়ার পথে ওই বাইক মিছিল থেকে সুশান্ত মণ্ডল ও দেবিকা দেবনাথের বাড়িতে হামলা চালানো হয়। চলে মারধর ও ভাঙচুর। গ্রামের আরও কয়েকটি বাড়িতেও হামলার অভিযোগ উঠেছে প্রধান চন্দ্র পালের অনুগামীদের বিরুদ্ধে।ঘটনায় জখম হন সুশান্ত মণ্ডল ও দেবিকা দেবনাথ। তাঁদের অভিযোগ, গোটা ঘটনার পিছনে মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পালই রয়েছেন।
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে মন্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের পাল্টা দাবি,বিজেপির বিরুদ্ধে যুব কংগ্রেসের প্রতিবাদ মিছিলে মদত দিচ্ছিলেন সুশান্ত ও দেবিকা। তার প্রতিবাদ করতেই সুশান্ত মন্ডল ও দেবিকা দেবনাথের অনুগামীরা বিজেপি কর্মীদের উপর হামলা চালায়।সেই ঘটনায় তাঁদের পক্ষেরও বেশ কয়েকজন জখম হয়েছেন বলে দাবি তাঁর।
অন্যদিকে,কংগ্রেস নেতা বুদ্ধদেব ঘোষের দোকানেও হামলা চালানোর অভিযোগ উঠেছে প্রধান চন্দ্র পালের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
মমতাপন্থী তৃণমূল নেতা দেবু টুডু বলেন,শাসকদলের দুই গোষ্ঠীর মারধরের ঘটনায় সাধারণ মানুষ ভীত ও আতঙ্কিত। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুই পক্ষের মোট পাঁচজনকে আটক করা হয়েছে।