পাত্রসায়: জেলার পাত্রসায়ের ব্লকে জাতীয় কংগ্রেসের ‘ভোট বাঁচাও-দেশ বাঁচাও চৌপল’ কর্মসূচীকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো। দলীয় কর্মসূচী চলাকালীন একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালিয়ে সভা বানচাল করার চেষ্টা করে বলে অভিযোগ। শুধু তাই নয়, কংগ্রেস কর্মীদের একটি ঘরের ভেতরে আটকে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে দেওয়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে। খবর পেয়ে পাত্রসায়ের থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দলীয় সূত্রে জানা গেছে, এদিন পাত্রসায়ের ব্লকে কংগ্রেসের এই পূর্বনির্ধারিত ‘চৌপল’ কর্মসূচী চলছিল। সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি শ্রী অভিষেক বিশ্বাস, ব্লক সভাপতি মহসিন সাহেব, প্রদেশ কংগ্রেস সদস্য স্বরূপ চ্যাটার্জি, অসংগঠিত শ্রমিক কংগ্রেসের চেয়ারম্যান তপন গড়াই এবং যুব কংগ্রেস নেতা বিপদতারন দত্তসহ একাধিক স্থানীয় নেতৃত্ব ও সাধারণ নাগরিকরা।
অভিযোগ, মিটিং চলাকালীন আচমকাই কিছু দুষ্কৃতী সভাস্থলে চড়াও হয়। তারা সেখানে উপস্থিত স্থানীয় কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে অশালীন ভাষা প্রয়োগ ও হুমকি দিতে শুরু করে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুষ্কৃতীরা সভার চেয়ারগুলি উল্টে ফেলে দেয় এবং উপস্থিত নেতা-কর্মীদের একটি ঘরের ভেতরে জোরপূর্বক আটকে রেখে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয় বলে অভিযোগ। এর ফলে কর্মসূচীটি সম্পূর্ণ বানচাল হয়ে পড়ে।
ঘটনার পরই তড়িঘড়ি পাত্রসায়ের থানায় যোগাযোগ করা হয়। খবর পেয়েই পুলিশ আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ ঘরের তালা খুলে অবরুদ্ধ কংগ্রেস নেতা ও কর্মীদের মুক্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কংগ্রেস নেতৃত্বের দাবি, হামলা ও হুমকির মুখেও জেলা সভাপতি অভিষেক বিশ্বাসসহ অন্যান্য জেলা নেতারা পিছু হটেননি। দলের সমস্ত কর্মী ও সমর্থকরা সভাস্থল থেকে নিরাপদে বেরিয়ে না যাওয়া পর্যন্ত জেলা সভাপতি নিজে ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে পরিস্থিতি তদারকি করেন। এই ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে