Thursday, November 12, 2026
আল্ট্রা লোকাল

বাঁকুড়ার ইন্দাসে ১২৫ বছর ধরে বাড়ির বড় বউকে পুজো করে আসছে সাঁতরা পরিবার

Published by Newz4 Admin |
মহম্মদ শাহজাহান আনসারী Posted by মহম্মদ শাহজাহান আনসারী
- November 10, 2026
— বিজ্ঞাপন —
Advertisement
মূর্তি নয়, জীবন্ত নারীকে দেবী রূপে আরাধনা

ইন্দাস,বাঁকুড়া : ইন্দাস ব্লকের মির্জাপুরে ব্যতিক্রমী কালীপুজো! মূর্তি নয়, জীবন্ত নারীকে দেবী রূপে আরাধনা সাঁতরা পরিবারে।

 বাংলার লোকসংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের ভাণ্ডারে রয়েছে নানা বৈচিত্র্যময় রীতি। তবে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মির্জাপুর গ্রামের সাঁতরা পরিবারের কালীপুজো যেন সমস্ত রীতিনীতির থেকে আলাদা। এখানে কালীপুজোয় কোনও মাটির বা পাথরের প্রতিমা প্রতিষ্ঠা করা হয় না। বরং পরিবারের জ্যেষ্ঠা বধূকেই দেবী কালীরূপে সাজিয়ে পুজ করা হয়। প্রায় ১২৫ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই ব্যতিক্রমী প্রথা।

পরিবারের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রায় ১২৫ বছর আগে সাঁতরা পরিবারের এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পান। দেবীর নির্দেশ ছিল, দীপান্বিতা অমাবস্যায় অষ্টধাতুর মূর্তি তৈরি করে কালীপুজো করতে হবে। কিন্তু তৎকালীন আর্থিক অনটনের কারণে অষ্টধাতুর প্রতিমা তৈরি করা সম্ভব হয়নি। এরপর ফের স্বপ্নাদেশে জানানো হয়, ধাতুর মূর্তি না হলেও চলবে, পরিবারের বড় বউকেই দেবীরূপে সাজিয়ে পুজো করতে হবে। সেই থেকেই শুরু হয় এই অভিনব কালী আরাধনা।

পুজোর দিন পরিবারের জ্যেষ্ঠা বধূ নির্জলা উপবাস পালন করেন। এরপর তাঁকে লালপাড় সাদা শাড়ি পরিয়ে, গলায় জবার মালা এবং কপালে রক্তচন্দনের তিলক দিয়ে দেবীরূপে সাজানো হয়। বিশেষ মুদ্রায় দু'হাত সাজিয়ে তাঁকে দেবীর আসনে বসান হয়। পুরোহিত মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবীর আবাহন করেন। ফুল, পুষ্পার্ঘ্য ও আরতির মধ্য দিয়ে সম্পন্ন হয় পুজোর যাবতীয় আচার-অনুষ্ঠান।

বর্তমানে সাঁতরা পরিবারের জ্যেষ্ঠা বধূ হীরাবালা সাঁতরা দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে এই পুজোয় দেবীরূপে আসীন হয়ে আসছেন। বংশপরম্পরায় চলে আসা এই রীতি আজও একই নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে পালন করে চলেছেন পরিবারের সদস্যরা।

সাঁতরা পরিবারের এই ব্যতিক্রমী পুজোকে ঘিরে প্রতি বছর কালীপুজোর রাতে মির্জাপুর গ্রামে ভিড় জমান আশপাশের বহু গ্রামের মানুষ। জীবন্ত নারীকে দেবী কালীরূপে আরাধনার এই প্রথা দেখতে দর্শনার্থীদের মধ্যে থাকে বিশেষ উৎসাহ ও কৌতূহল।

একদিকে শতাব্দীপ্রাচীন পারিবারিক বিশ্বাস, অন্যদিকে বাংলার লোকসংস্কৃতির এক অনন্য নিদর্শন—বাঁকুড়ার মির্জাপুরের সাঁতরা পরিবারের এই কালীপুজো আজও বহন করে চলেছে এক ব্যতিক্রমী ঐতিহ্য।

— বিজ্ঞাপন —
Advertisement